
বিশেষ প্রতিনিধি।। কুমিল্লার মেঘনা উপজেলায় নৌপথে অভিযান পরিচালনার সময় চাঁদাবাজদের হামলায় টেটাবিদ্ধ হয়ে আহত হয়েছেন তিন পুলিশ সদস্য। এ ঘটনায় দুই যুবককে আটক করেছে চালিভাঙ্গা নৌপুলিশ।
মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের নলচর গ্রামের মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আটকরা হলেন, নলচর গ্রামের আব্দুল বারেকের ছেলে মো. রানা (২৭) এবং রুপ মিয়ার ছেলে সাজ্জাদ হোসেন (১৮)।
ফাঁড়ি সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে একজন ফোন করে জানান কিছু চাঁদাবাজ টাকার জন্য তাদের মারধর করছে। খবর পেয়ে নৌপুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চাঁদাবাজরা তাদের লক্ষ্য করে টেটা নিক্ষেপ করে। এতে এএসআই মাকসুদ, কনস্টেবল সোহাগ ও সাইদুর আহত হন। আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
চালিভাঙ্গা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আজমগীর বলেন, আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে চাঁদাবাজদের ধাওয়া দিয়ে দুইজনকে আটক করতে সক্ষম হই। আটক দুই যুবককে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

