
শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি।। ঝিনাইদহের শৈলকুপায় জরিপ বিশ্বাস ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শাহনাজ পারভীন পুতুল-এর এক ব্যতিক্রমী উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। তিনি নিজ অর্থায়নে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ড ও করিডরগুলো পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছেন।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেলা দশটায় তিনি এই পরিচ্ছন্নতা কার্যক্রমের সূচনা করেন। শাহনাজ পারভীন পুতুল, যিনি একইসঙ্গে শৈলকুপা পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক সেলিম রেজা ঠান্ডু’র সহধর্মিণী, তাঁর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয় জনসাধারণ।
পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের কারণ জানতে চাইলে শাহনাজ পারভীন জানান, হাসপাতালের ওয়ার্ড এবং করিডোরগুলোর অপরিষ্কার ও নোংরা পরিবেশ দেখে তিনি ব্যথিত হয়েছেন। তিনি বলেন, “হাসপাতালের ওয়ার্ডগুলো ও করিডোরগুলো যে পরিমাণ ধুলো ও নোংরা, তাতে একজন সুস্থ মানুষও এখানে এলে অসুস্থ হয়ে পড়বেন। তাই নিজের তাগিদেই আমি এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছি।” তিনি আশা প্রকাশ করেন যে, তাঁকে দেখে আরও অনেকে এই জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসবেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রাশেদ আল মামুন এই উদ্যোগের প্রশংসা করেছেন। তিনি জানান, হাসপাতালের জন্য যে বরাদ্দ থাকে, তা দিয়ে প্রতিনিয়ত সম্পূর্ণ হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা সম্ভব হয়ে ওঠে না। এই পরিস্থিতিতে, ব্যক্তিগত উদ্যোগে কেউ যদি এ ধরনের পরিচ্ছন্নতার উদ্যোগ গ্রহণ করেন, তবে তা হাসপাতালকে জীবাণুমুক্ত ও পরিচ্ছন্ন রাখতে অত্যন্ত সহায়ক হবে।

