
আহাদুল্লাহ সানা, সাতক্ষীরা।। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের বিশেষ সাধারণ সভা ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন (২০২৫-২০২৭) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ নভেম্বর) সকালে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত সভা ও নির্বাচনে সভাপতিত্ব করেন ইউনিটের চেয়ারম্যান ও জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
বিশেষ সাধারণ সভায় বক্তব্য দেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম-আহ্বায়ক আবুল হাসান হাদী, রেড ক্রিসেন্ট ইউনিট অ্যাডহক কমিটির ভাইস চেয়ারম্যান শেখ মাসুম বিল্লাহ শাহীন, সেক্রেটারি তাসকিন আহমেদ চিশতি এবং নির্বাচন কমিশনার ডা. আবুল কালাম বাবলা ও ফরিদা আক্তার বিউটি।
অনুষ্ঠানে প্রয়াত আজীবন সদস্যদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় ইউনিটের আজীবন সদস্য, অ্যাডহক কমিটির সদস্য, কর্মকর্তা ও যুব সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান ইকবাল কাদির।
ত্রি-বার্ষিক নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে জামায়াত সমর্থিত প্যানেল থেকে পাচজন ও বিএনপি সমর্থিত প্যানেল থেকে ২ জন নির্বাচিত হয়েছে।
ভাইস চেয়ারম্যান পদে জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান ৪৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এড. কামরুজ্জামান ভুট্টো পেয়েছে ৩১৯ ভোট। অপর প্রার্থী প্রফেসর মোজাম্মেল হক পেয়েছেন ২৯৩ ভোট ।
সেক্রেটারি পদে জামায়াতের জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মোঃ ওমর ফারুক ৪৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাসুম বিল্লাহ শাহীন পেয়েছেন ৩৪৫ ভোট।
কার্যনির্বাহী সদস্য পদে বিএনপি প্যানেল থেকে শফিকুল আলম বাবু ৪৮৪ ভোট পেয়ে প্রথম হয়েছেন, জামায়াত সমর্থিত প্যানেল থেকে মো: জাহিদুল ইসলাম ৪৭৮ ভোট পেয় ২য় হয়েছেন, মাওলানা হাবিবুর রহমান ৪৬৩ ভোট পেয়ে তৃতীয়, বিএনপি প্যানেল থেকে কামরুজ্জামান কামু ৪৬০ ভোট পেয়ে ৪র্থ এবং ৪৬০ ভোট পেয়ে ২ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোঃ শফিকুল ইসলাম ৫ম হয়েছেন।

