
মধুখালীতে ভ্রাম্যমান আদালতের অভিযান
শাহজাহান হেলাল, ফরিদপুর প্রতিনিধি।। মধুখালীতে অবৈধ ভেজাল সার ও কীটনাশক তৈরি ও বাজারজাত করার অভিযোগে দাউদ মোল্লা(৩৫) নামে এক যুবককে এক বছরের সশ্রম কারাদন্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে তিন মাসের জেল।
২৪ নভেম্বর ২০২৫ খ্রি. সোমবার দুপুরে বাগাট ইউনিয়নের বাগাট গ্রামের কবির মোল্লার ছেলে মোঃ দাউদ মোল্লা (৩৫)কে এ দন্ড প্রদান করেন ভ্রম্যমান আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রাসেল জানান গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় বাগাট দাখিল মাদ্রাসার পূর্ব পাশে গোরস্থানসংলগ্ন একটি বসত বাড়িতে দাউদ মোল্লা বিভিন্ন পরিচিত কোম্পানির লোগো ও প্যাকেট ব্যবহার করে নকল সার– ও কীটনাশক প্রস্তুত ও বাজারজাত করছেন। গ্রাম পুলিশকে সোর্স হিসেবে ব্যবহার করে সোমবার দুপুরে সেখানে ভ্রম্যমান আদালত অভিযান পরিচালনা করে প্রায় লক্ষাধিক টাকার নকল সার ও কীটনাশক জব্দ করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯-এর ৪৩ ধারায় দাউদ মোল্লাকে এক বছরের সশ্রম কারাদন্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাহবুব এলাহী, মধুখালী থানা পুলিশের সাব-ইন্সপেক্টর তন্ময় সাহা সঙ্গীয় ফোর্সসহ স্থানীয় কৃষক ও সাধারণ মানুষ।


