
মানিক ঘোষ, ঝিনাইদহ।। ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় কোরআন খতম, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৩টায় শহরের হাসপাতাল রোডস্থ দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ আয়োজন করা হয়।মাহফিলের আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রদল নেতা হামিদুল ইসলাম হামিদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ,সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা নজরুল ইসলাম মোল্লা,উপজেলা বিএনপির সাবেক সদস্য আনোয়ারুল ইসলাম রবি,উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন,রাইগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী,পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান আলী খোকনসহ বিএনপি ও অঙ্গ–সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।সভায় প্রধান অতিথির বক্তব্যে হামিদুল ইসলাম হামিদ বলেন,“দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি গণতান্ত্রিক আন্দোলনের উজ্জ্বল প্রতীক। মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি আজীবন সংগ্রাম করেছেন। দেশের প্রতি তার ভালোবাসা ও ত্যাগ অনন্য।”তিনি আরও বলেন,আমরা তার শারীরিক অবস্থার কথা ভেবে কষ্টে আছি, তবে বিশ্বাস করি—আল্লাহর রহমতে তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও দেশের মানুষের মাঝে ফিরবেন।”আলোচনা শেষে অনুষ্ঠিত দোয়া মাহফিলে খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু, এবং জাতীয় রাজনীতিতে পুনরায় সক্রিয় হয়ে ওঠার জন্য বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিলকে ঘিরে দলীয় কার্যালয়ে আবেগঘন পরিবেশ তৈরি হয়—নেতা–কর্মীরা দেশনেত্রীর আরোগ্যের কামনায় একত্রে মোনাজাত করেন।

