ঢাকা বুধবার ১৮ নভেম্বর ২০২৬ ৩ ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৫ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

আগৈলঝাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, বুধবার, সময়ঃ ০৭.০২ পি.এম
আগৈলঝাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
www.dailyranggaprovat.com

আগৈলঝারা (বরিশাল) প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ৫০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে খেশারী ডালের বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

গতকাল বুধবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে বিনামূল্যে খেশারী ডাল বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদার।

উপজেলা কৃষি কর্মকর্তা সুনীতি কুমার সাহার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা শেখ সালমান জামান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শিকদার হাফিজুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সজল দাস, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল কালাম আজাদ, আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের ডালের চাহিদা পূরণ এবং আমদানি নির্ভরতা কমাতে খেশারীর উৎপাদন বাড়ানো জরুরি। কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নতমানের বীজ ও রাসায়নিক সার বিতরণের ফলে খেশারী ডালের চাষে আগ্রহ বাড়বে। পাশাপাশি কৃষকরা আর্থিকভাবে লাভবান হবেন এবং দেশের উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে। প্রতিজন কৃষকের মাঝে ৮ কেজি খেশারী ডাল বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও উপকারভোগী কৃষকগণ উপস্থিত ছিলেন।