ঢাকা বুধবার ১৮ নভেম্বর ২০২৬ ৩ ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৫ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

বিশ্ব ডায়াবেটিস দিবসে পিরোলীতে ফ্রি চিকিৎসাসেবা

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, বুধবার, সময়ঃ ০৭.০৭ পি.এম
বিশ্ব ডায়াবেটিস দিবসে পিরোলীতে ফ্রি চিকিৎসাসেবা
www.dailyranggaprovat.com

মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল : বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ উপলক্ষে নড়াইলের কালিয়া উপজেলার পিরোলীতে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও চক্ষু চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। এ কর্মসূচিতে ১৪৭ জন নারী-পুরুষকে চিকিৎসাসেবা ও ব্যবস্থাপত্র দেওয়া হয়। পরীক্ষায় ২৪ জনের ডায়াবেটিস শনাক্ত হয়েছে এবং ৩৪ জনকে ছানি অপারেশনের জন্য নির্বাচিত করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পিরোলীস্থ হাবিবুল আলম বীরপ্রতীক মহাবিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করে পিরোলী ভিশন সেন্টার। অরবিস ইন্টারন্যাশনালের অর্থায়নে এবং খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় ব্যারিস্টার হাফিজ হাসপাতালে অবস্থিত এ ভিশন সেন্টার কর্মসূচিটি বাস্তবায়ন করে।

কর্মসূচিতে চিকিৎসক ডা. আফরোজা আফরিন ও ডা. পপি আক্তার রোগীদের ডায়াবেটিস ও চোখ পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থাপত্র দেন। শনাক্ত হওয়া ২৪ জন ডায়াবেটিস রোগীর মধ্যে ৯ জন পুরুষ ও ১৫ জন নারী। এছাড়া ছানিজনিত সমস্যায় আক্রান্ত ৩৪ জনকে অপারেশনের জন্য নির্বাচিত করা হয়। তাঁদের মধ্যে ৭ জন পুরুষ ও ২৭ জন নারী। নির্বাচিত রোগীদের আগামী ২৯ নভেম্বর খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালে বিনামূল্যে ছানি অপারেশন ও লেন্স সংযোজনের জন্য পাঠানো হবে বলে জানিয়েছেন পিরোলী ভিশন সেন্টারের সমন্বয়কারী মো. কামাল হোসেন।

এর আগে বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য—‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’ সামনে রেখে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও চিকিৎসকরা অংশ নেন।

এ সময় হাবিবুল আলম বীরপ্রতীক মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, স্থানীয় পর্যায়ে বিনামূল্যে এ ধরনের চিকিৎসাসেবা ও সচেতনতামূলক কর্মসূচি সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ বাড়ানোর পাশাপাশি ডায়াবেটিস ও চোখের রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, প্রতিবছর ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়। এ দিবসের মূল লক্ষ্য ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, রোগের ঝুঁকি সম্পর্কে মানুষকে অবহিত করা এবং সময়মতো পরীক্ষা ও চিকিৎসা গ্রহণে উদ্বুদ্ধ করা।