ঢাকা বুধবার ১৮ নভেম্বর ২০২৬ ৩ ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৫ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

মাগুরায় অপহৃত শিশু রাশমিতার মরদেহ উদ্ধার, পুলিশ হেফাজতে মা

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, বুধবার, সময়ঃ ০৭.০৪ পি.এম
মাগুরায় অপহৃত শিশু রাশমিতার মরদেহ উদ্ধার, পুলিশ হেফাজতে মা
www.dailyranggaprovat.com

সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা) থেকে : মাগুরার মহম্মদপুরে মায়ের কোল থেকে অপহরণের অভিযোগ ওঠার দুই দিন পর আট মাস বয়সি শিশু রাশমিতা চক্রবর্তীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার বালিদিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর উত্তরপাড়া এলাকার একটি পুকুর থেকে শিশুটির ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।  

এ ঘটনায় শিশুটির মায়ের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন ও রহস্যের সৃষ্টি হয়। পরে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছেন।

নিহত রাশমিতা চক্রবর্তী মহম্মদপুর উপজেলা সদরের পূর্বনারায়নপুর এলাকার সমীর কুমার চক্রবর্তী ও নন্দীতা দম্পতির সন্তান।

শিশুটির বাবা সমীর কুমার চক্রবর্তী (কুটে) জানান, গত ১৬ নভেম্বর দুপুর আড়াইটা থেকে সাড়ে ৩টার মধ্যে স্ত্রী ও আট মাসের শিশুকে সঙ্গে নিয়ে মহম্মদপুর বাজারে কাপড় কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পরে সন্ধ্যার দিকে একটি অপরিচিত নম্বর থেকে ফোন করে তাকে জানানো হয়, তার স্ত্রীকে একা পাওয়া গেছে, তবে তার কোলে কোনো শিশু নেই।

খবর পেয়ে তিনি তার ভাই কৃষ্ণকে সঙ্গে নিয়ে মাগুরা সদর উপজেলার শিয়ালদ এলাকায় বাবার বাড়িতে ছুটে যান।

সেখানে গিয়ে স্ত্রীকে অস্বাভাবিক অবস্থায় দেখতে পান। এরপর শিশুটির সন্ধানে পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজি শুরু হয় এবং পুলিশের সহযোগিতা চাওয়া হয়।

দুইদিন পর মঙ্গলবার সকালে লক্ষ্মীপুর উত্তরপাড়া এলাকার রাস্তার পাশের একটি পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

পরে সমীর কুমার চক্রবর্তী ও পরিবারের সদস্যরা থানায় গিয়ে মরদেহটি নিখোঁজ রাশমিতার বলে শনাক্ত করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়দের দাবি, ঘটনার দিন ১৬ নভেম্বর সন্ধ্যার দিকে শিশুটির মাকে একা ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল। তখন তার কোলে কোনো শিশু ছিল না বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

সমীর কুমার চক্রবর্তী বলেন, ‘এই বাচ্চার মৃত্যু বা পানিতে পড়ার পেছনে যে প্রকৃত রহস্য রয়েছে, তা তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করতে হবে।

একজন বাবা হিসেবে আমি প্রশাসনের কাছে সঠিক বিচার চাই। অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় এনে দ্রুত কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি। ’

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম শামীম আহমেদ জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় মৃত শিশুর মাকে আটক করা হয়েছে। শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য তদন্ত চলমান রয়েছে।