ঢাকা বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬ ১৮ ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৬ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

বুধহাটা খেয়াঘাটে ওয়াপদা বাঁধ রক্ষায় জিও ব্যাগ আসলেও নওয়াপাড়া বাঁধ অরক্ষিত

প্রকাশিত: ২৪ জুলাই ২০২৬, শুক্রবার, সময়ঃ ০৬.১৬ এ.এম
বুধহাটা খেয়াঘাটে ওয়াপদা বাঁধ রক্ষায় জিও ব্যাগ আসলেও নওয়াপাড়া বাঁধ অরক্ষিত
www.dailyranggaprovat.com

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) :  আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বুধহাটা বাজার সংলগ্ন ভেড়ী বাঁধ ভাঙ্গন রক্ষা করতে জিও ব্যাগ এসে পৌছেছে, নওয়াপাড়া গভীর ফাটল রক্ষায় এখনো কোন ব্যবস্থা হয়নি। চরম উদ্বিগ্ন ও উৎকণ্ঠায় রয়েছে বুধহাটাসহ পার্শ্ববর্তী ইউনিয়নের হাজার হাজার মানুষ। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকালে ৬০০০ ব্যাগ বুধহাটায় পৌছায়। 

বুধহাটা বাজার সংলগ্ন পাউবোর ভেড়ী বাঁধ ভাঙতে ভাঙতে প্রায় ৭ হাত মত বাধের মাটি নদীগর্ভে বিলীন হয়েগেছে। এমপি হাফেজ রবিউল বাশারের ডিও লেটারের ভিত্তিতে পানি উন্নয়ন বোর্ড এলাকা পরিদর্শন করে সাময়িক ভাবে বাঁধ রক্ষার উদ্যোগ গ্রহন করে। এরই ফলশ্রুতিতে পাউবোর পক্ষ থেকে ৬ হাজার জিও ব্যাগ বুধহাটায় আনা হয়েছে। ব্যাগে বালি ভরে ভাঙ্গন স্থানে ডাম্পিং করা হবে। এজন্য শ্রমিক নিয়োগ করা হচ্ছে, ২/১ দিনের মধ্যে বস্তায় বালি ভরে পাইলিং এর ভিতরে বস্তা ফেলান হবে বলে জানাগেছে। ঠিকাদার আমিনুল ইসলাম বস্তাগুলো স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে নির্দিষ্ট স্থানে হেফাজতে রাখেন। এসময় সাতক্ষীরা জজ কোর্টের এপিপি, বুধহাটা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এড. শহিদুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান ও চেয়ানম্যান প্রার্থী আলহাজ্ব আঃ হান্নান, বাজার কমিটির সেক্রেটারী নুরুজ্জামান জুলু, বিএনপি নেতা বকুল প্রমুখ উপস্থিত ছিলেন। 

পাশ্ববর্তী নওয়াপাড়া গ্রামে পাউবোর ভেড়ী বাঁধে ভয়াবহ ফাটল ও ভাঙ্গন চলছে। মূল বাঁধে ফাটল ধরে কয়েক হাত নিচে নেমে গেছে বাঁধের স্লোব। ভাঙ্গন স্থান পরিদর্শন করেছেন জাতীয় সংসদ সদস্য হাফেজ রবিউল বাশার, উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু, পাউবোর এসও আঃ আলিম বাঁধটি পরিদর্শন করেছেন। দ্রুত বাঁধ রক্ষার ব্যবস্থা নিতে পাউবো কর্তৃপক্ষকে বলা হয়। পাউবো দ্রুত ব্যবস্থা নেবে ঘোষণা দিলেও সপ্তাহ পার হওয়ার পরও কোন ব্যবস্থা নেয়া হয়নি। এলাকাবাসী রীতিমত ভীতিকর পরিস্থিতি ও আতঙ্কে দিন কাটাচ্ছে। আগামী গণমুখে নদীর পানি বৃদ্ধি ও স্রোতের টান শুরুর আগেই বাঁধ রক্ষায় কাজে হাত দেওয়ার জোর দাবী জানিয়েছে আতঙ্কগ্রস্থ এলাকাবাসী।