ঢাকা বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬ ১৮ ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৬ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

মৌলভীবাজারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, সময়ঃ ০৫.২৫ এ.এম
মৌলভীবাজারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
www.dailyranggaprovat.com

মৌলভীবাজার প্রতিনিধি : সারা দেশের মতো ৪৮তম  প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছেন মৌলভীবাজার জেলা বিএনপির নেতাকর্মীবৃন্দ। দিনটি দলের নেতামকর্মীদের জন্য আনন্দের হলেও খালেদা জিয়া বিহীন বাংলাদেশে একই সাথে বেদনারও। তাই নেতাকর্মীরা আনন্দে ঘেরা মুহুর্তে বক্তব্যে উচ্ছাসের পাশাপাশি স্মরণ করেছেন বেগম খালেদা জিয়াকেও।    

মঙ্গলবার  (১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে মৌলভীবাজার জেলা বিএনপি আয়োজিত শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয় দলের প্রতিষ্ঠা বার্ষিকীর শোভাযাত্রা। শোভাযাত্রার আগে সমাবেশে প্রধান অতিথি হিসেবে সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান এমপি। সংক্ষিপ্ত সমাবেশে দলের নেতাদের বক্তব্যর মাধ্যমে প্রয়াত বেগম খালেদা জিয়াকে স্মরণ করতেও দেখা যায়।

জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন এর সঞ্চালনায় ও আহবায়ক সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম এ মুকিদ, ফখরুল ইসলাম, বকশী মিছবাহ উর রহমান, মোশাররফ হোসেন বাদশা, মুহিতুর রহমান হেলাল, সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মারুফ আহমেদ, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মুহিত, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার আহমেদ রহমান ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য স্বাগত কিশোর দাস চৌধুরী।  

এর আগে দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত শোভাযাত্রায় যোগ দিতে মৌলভীবাজার সদর উপজেলা ও রাজনগর উপজেলার বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের সমাবেশস্থলে এসে জড়ো হতে শুরু করেন। বিকাল সাড়ে ৪টায় যখন শোভাযাত্রা শুরু হয় তার আগেই সমাবেশস্থল কানায় কানায় ভরে উঠে। ধারণা করা হচ্ছে শোভাযাত্রায় কয়েক হাজার নেতাকর্মী যোগ দেন। এসময় শোভাযাত্রাকে স্বাগত জানিয়ে নেতাকর্মীদের ব্যানার ও প্লেকার্ড বহন করতে দেখা গেছে। শোভাযাত্রাটি সরকারি উচ্চ বিদ্যায় মাঠ থেকে শুরু হয়ে চৌমুহনা প্রদক্ষিণ করে কুসুমবাগ এলাকার এসআর প্লাজার সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধমে শেষ হয়।