ঢাকা বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬ ১৮ ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৬ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

বাল্যবিয়ে থেকে রক্ষা পেল পঞ্চম শ্রেণীর শিশু

প্রকাশিত: ০৫ আগস্ট ২০২৬, বুধবার, সময়ঃ ০২.২৪ পি.এম

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : মঙ্গলবার দুপুরে  বিয়ের পূর্ণ প্রস্তুতি চলছিল। এ সময় ঘটে বিপত্তি, কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা তাছলিমা আখতার ও মহিপুর থানার ওসি মো: শামীম হাওলাদারের নেতৃত্বে একাধিক টিম ঘটনাস্থলে গেলে ভেস্তে যায় ওই শিশুকে বিয়ে দেয়ার সকল আয়োজন। 

স্কুলের ভর্তির তথ্যানুসারে, শিশুটির বয়স ১২ বছর এক মাস ২৪দিন। আপাতত বাল্যবিয়ের ধকল থেকে ওই শিশুটি রক্ষা পেলেও অসচেতন মা-বাবা ওৎ পেতে আছেন নির্দিষ্ট পাত্রের সঙ্গে সুযোগ বুঝে পরে যে কোন এক সময় সুযোগ বুঝে বিয়ের বাকি কাজ সম্পন্ন করবেন, জনশ্রুতি এমন। 

পটুয়াখালীর কলাপাড়ার ধুলাসার ইউনিয়নের ঘটনা। দূর্গম চরাঞ্চলে বসবাস পরিবারটির। অভাবের সংসার। ওই শিশুর পরিবারের মোবাইলে দুপুরে কল করলে শিশুটির মা পরিচয়ে বিয়ের প্রস্তুতির ঘটনা অকপটে স্বীকার করেন। প্রাথমিক আনুষ্ঠানিক পর্বও সম্পন্ন করা হয়েছে বলে নিশ্চিত করেন। তবে বিকালে আর মোবাইল রিসিভ করেননি পরিবারের কেউ। তবে বাল্যবিয়ের এই খবরের বিষয়টি শিশুটির অধিকাংশ সহপাঠিরা জানেন। তাঁদের মাধ্যমে গণমাধ্যমের কাছে পৌছে। পরে প্রশাসনিকভাবে নেওয়া পদক্ষেপে বাল্যবিয়ের ধকল থেকে আপাতত রক্ষা পেল পঞ্চম শ্রেণিতে অধ্যয়নরত শিশুটি।

উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামান জানান, ওই শিশু শিক্ষার্থীর মা-বাবাকে ডেকে আনা হয়েছে। বাল্যবিয়ে বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।