কচুয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি : "জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের কচুয়ায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস- ২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মেহেদী মান্নার সঞ্চালনায় বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় কচুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মো: আলী হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো: আসিফ হায়দার, উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ, সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম,জেলা মহিলা দলের সভাপতি সাহিদা আক্তার জামায়াতে ইসলামের আমির শিক্ষক মো: রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাও: শহিদুল ইসলাম, সিরিয়ার মৎস্য কর্মকর্তা রবীন্দ্রনাথ মন্ডল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, সাবেক শিক্ষক সমীর বরণ পাইক, শিক্ষক নিত্য রঞ্জন ঘোষ,প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুল ইসলাম, খেলাফতে মজলিস দলের সভাপতি লোকমানুজ্জামান,ইসলামী আন্দোলনের সভাপতি হাফেজ নুরুল ইসলাম, সদস্য সচিব জাতীয় ছাত্র শক্তি কচুয়া উপজেলা মোঃ হাসনাইন সহ উপজেলার বিভিন্ন স্তরের প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং আন্দোলনকালীন শহীদদের আত্মত্যাগ ও চেতনায় উদ্বুদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবার এবং বিশেষ অবদানের জন্য সংশ্লিষ্টদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
