আগৈলঝাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন
শামীমুল ইসলাম শামীম, আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (৫ আগষ্ট) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদারের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের ফুল দিয়ে শুভেচ্ছা ও সংবর্ধনা জানান অতিথিরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ আহমেদ, আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার মো. হাফিজুর রহমান, সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আলাউদ্দিন মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী মৃধা, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি শামীমুল ইসলাম শামীম, জুলাই যোদ্ধা আবুল হোসেন মোল্লা, হাবিবুর রহমান মুন্সি, জালাল বালী, হাসান সরদার ও সাইফুল ইসলাম মোল্লা প্রমুখ।
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের অবদান ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় জুলাই যোদ্ধাদের ভূমিকার প্রশংসা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
