ঢাকা বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬ ১৮ ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৬ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কুয়াকাটা জেলের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ

প্রকাশিত: ০৮ আগস্ট ২০২৬, শনিবার, সময়ঃ ১২.৫০ পি.এম
কুয়াকাটা জেলের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ
www.dailyranggaprovat.com

অশোক মুখার্জি, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :  কুয়াকাটা সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে একটি মাছধরা ট্রলারের জেলেদের জালে একবারে ধরা পড়েছে ৪৬ মণ ইলিশ। নিলাম ডাকে  এ পরিমাণ ইলিশ ৪৮ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি হয়েছে। দীর্ঘদিন পর জেলেদের মধ্যে ইলিশ ধরা পড়ার খবরটিতে স্বস্তি ফিরে এসেছে।

জানা গেছে , গত বৃহস্পতিবার পায়রা বন্দরের শেষ বয়া সংলগ্ন গভীর সমুদ্রে এফবি জুনায়েদ নামের একটি মাছধরা ট্রলারের জেলেরা বিপুল পরিমাণ ইলিশ শিকার করেন।


শুক্রবার দুপুরে ট্রলারটি মাছ নিয়ে মহিপুর মৎস্য বন্দরে পৌঁছে। সেখানে মনোয়ারা ফিশ আড়তে নিলাম ডাকে মাছগুলো বিক্রি করা হয়। তখন বিরাজ করে উৎসবমুখর পরিবেশ। 


জানা গেছে, এক কেজি  থেকে  তার বেশি ওজনের ২৪ মণ ইলিশ বিক্রি হয়েছে এক লাখ ১৫ হাজার টাকা মণ দরে  (প্রতি কেজি ২,৮৭৫ টাকা) ২৭ লাখ ৬০ হাজার টাকায়।

এছাড়া ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ২২ মণ ইলিশ প্রতি মণ ৯৫ হাজার টাকা দরে প্রতি কেজি ২ হাজার ৩৭৫ টাকা দরে বিক্রি হয়েছে ২০ লাখ ৯০ হাজার টাকায়। সব মিলিয়ে ৪৬ মণ ইলিশ বিক্রি হয়েছে ৪৮ লাখ ৫০ হাজার টাকায়।

ট্রলার মাঝি আলমগীর বলেন, 'অন্তত পাঁচ বছর পর একবারে বড় দাগের ইলিশ পাইলাম। একবার জাল ফেলে প্রায় ২২'শ  ইলিশ ধরা পড়ে। বহুদিন  লোকসানের পরে এই মাছ পেয়ে আমরা খুব খুশি । শুকরিয়া আদায় করছি আল্লাহর কাছে। '

মৎস্য আড়ত মনোয়ারা ফিশের ম্যানেজার সগির আকন বলেন, অনেকদিন পর একটা বড় চালানের ইলিশের আমদানি  হয়েছে। বর্তমানে বাজারে ইলিশের দাম অনেক বেশি থাকায় জেলেরা ভালো বেশি দাম পেয়েছে। এবছর এমন ভালো খবর আগে মেলেনি। আর ইলিশের সাইজও বড়।