চালককে অচেতন করে অটোরিক্সা-মোবাইল ছিনতাই
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : অটোরিক্সা চালক অপু বিশ্বাসকে (২৮) অজ্ঞান করে অটোরিক্সা ও মোবাইল ছিনতাইয়ের পর রাস্তায় ফেলে গেছে দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। ভুক্তভোগি অপু বরিশালের আগৈলঝাড়া উপজেলার চাপাচুপা এলাকার শিরোমনি বিশ্বাসের ছেলে।
অপু বিশ্বাসের ভাই শিশির বিশ্বাস জানান, শুক্রবার (১৪ আগষ্ট) বিকেলে নিজের অটোরিক্সা নিয়ে বাসা থেকে বের হয় অপু। ওইদিন রাত দশটার দিকে ফেসবুকের মাধ্যমে জানতে পারি অচেতন অবস্থায় গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে অপু। তিনি আরও জানান, তার (অপু) এখন পর্যন্ত জ্ঞান ফেরেনি। যে কারনে কোন স্থানে বসে তাকে অজ্ঞান করা হয়েছে বা ছিনতাইয়ের শিকার হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
হাপসাতালের জরুরি বিভাগের উপসহকারী মেডিক্যাল অফিসার (স্যাকমো) জাহিদুল ইসলাম জানান, শুক্রবার দিবাগত রাতে কে বা কারা অচেতন অবস্থায় ওই যুবককে হাসপাতালে রেখে যায়। পরবর্তীতে তাকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। তিনি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, খবরপেয়ে রাতেই হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ওই যুবকের জ্ঞান ফেরার পর বিস্তারিত জেনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
