কচুয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ও সমাবেশ
কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের কচুয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশগত পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালি ও জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট জেলা তথ্য অফিসের আয়োজনে এবং ইউনিসেফ বাংলাদেশ, খুলনা বিভাগের সহযোগিতায় এই কর্মসূচি বাস্তবায়িত হয়।
উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে র্যালি শেষে কচুয়া জিরো পয়েন্টে এক সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলী হাসান।
বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, "ডেঙ্গু প্রতিরোধে জমানো পানি দূর করা এবং নিজ নিজ আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কোনো বিকল্প নেই। কেবল সরকারের ওপর নির্ভর না করে প্রতিটি বাড়ির গৃহস্থ ও নাগরিককে নিজ উদ্যোগে সচেতন হতে হবে। এডিস মশার প্রজননক্ষেত্র ধ্বংস করতে সপ্তাহের নির্দিষ্ট দিনে বাড়ির চারপাশ পরীক্ষা করা এবং লার্ভা ধ্বংসে যৌথ উদ্যোগ নিতে হবে।"
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি ও সাধারণ জনগণ অংশ নেন। উপস্থিত সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধমূলক তথ্য সংবলিত লিফলেট বিতরণ করা হয়।
