আগরপুর প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পেয়েছে ১০ শিক্ষার্থী
রফিকুল ইসলাম রনি : প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের ঐতিহ্যবাহী আগরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পেয়েছে ১০ শিক্ষার্থী।
এদের মধ্যে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে ৯ জন ও সাধারণ বৃত্তি পেয়েছে ১ জন শিক্ষার্থী। তাদের এ সাফল্যে পরিবার, বিদ্যালয়, শিক্ষক এবং শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
নিয়মিত অধ্যয়ন, শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা এবং পরিবারের সার্বিক সহযোগিতার ফলেই ওই শিক্ষার্থীরা এ সাফল্য অর্জন করেছেন বলে জানান সংশ্লিষ্টরা।
রোববার (১২ জুলাই) দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এর ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।
ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা হলো আহাদুল ইসলাম মোহাইমিন, সুলাইমান, জিএম সাব্বির আহম্মেদ মায়াজ, তন্ময় দাস, লাবীবা ইবনাত, তাইযোরা ইসলাম, তাসনীম রহমান, ইরিনা আফনান ও ইসরাত জাহান মরিয়ম। আর সাধারণ বৃত্তি পাওয়া শিক্ষার্থী হলো যুথি দাস।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমল কৃষ্ণ দাস বলেন, শিক্ষার্থীদের এই সাফল্যের পেছনে শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা, পরিবারের সহযোগিতা এবং তাদের নিজের কঠোর পরিশ্রমই সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। আমরা চাই, শিক্ষার্থীরা শুধু লেখাপড়ায় নয়, নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠুক।
এদিকে আগরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি কতৃপক্ষ বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের উত্তরোত্তর সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছে।
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তারা তাদের মেধা, শৃঙ্খলা ও অধ্যবসায়ের ধারাবাহিকতা বজায় রেখে বিদ্যালয়, পরিবার এবং দেশের জন্য গৌরব বয়ে আনবেন।
