ঢাকা শনিবার ১৮ জুলাই ২০২৬ ৩ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ২০ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কবি মুস্তফা হাবীব এর কবিতা "আমার আমি"

প্রকাশিত: ১৭ জুলাই ২০২৬, শুক্রবার, সময়ঃ ১০.১০ এ.এম
কবি মুস্তফা হাবীব এর কবিতা "আমার আমি"
www.dailyranggaprovat.com

আমার আমি

মুস্তফা হাবীব 


যতোদিন প্রকৃতির পাঠশালায় থাকব সমুজ্জ্বল 

জানি, আঁধার আমাকে ছোঁবেনা। 

যদিও অক্টোপাস ভাঙতে চায় আমার স্বপ্নসিঁড়ি, 

সময়ের শিক্ষা নিয়ে গড়ে তুলছি দুর্বার প্রতিরোধ। 


কখনও উকিল মোক্তার জজ ব্যারিস্টার হতে চাইনি

মিথ্যার রঙ মাখতে চাইনি মেধা ও মননে

প্রথাগত জীবনের বাইরে অন্য জীবন গড়েছি

পথের মাঝেই নির্মাণ করেছি একটি বিমূর্ত পথ।


সনাতন স্বপ্নবিমুখ মানুষের সঙ্গে কোনো আত্মীয়তা নেই

নেই হিসাবের খাতায় সম্ভাব্য প্রাপ্তির বিশদ বর্ণনা 

পরাবাস্তব হিসাব বিজ্ঞানের রীতি নীতি এড়িয়ে

চোখের অভ্যন্তরে ভাসিয়েছি নোঙরবিহীন সাম্পান।


যারা ভাবছো আমাকে, 

' আমি অন্তর্মুখী- আলাভোলা মানুষ, আঁতাত বুঝিনা, 

সামান্য কিছুতের তৃপ্তির ঢেকুর তুলি ' 

তোমাদের ভাবনা অমূলক নয়, সত্যের মতো সুন্দর।


না খেয়ে জীবন সমুদ্র পাড়ি দিতে দৃঢ় প্রতিজ্ঞ

ঋণখেলাপি হয়ে ছুটিনি  আলেয়ার পিছু

প্রতিশোধ নিতে আগুন দেইনি প্রতিপক্ষের ঘরে

নির্মল স্বপ্নে গড়ে তুলেছি এক ভালোবাসার গৃহস্থালি।