গোল্ডেন এ প্লাসে উজ্জ্বল বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের সুবাহ ইসলাম
নিজস্ব প্রতিবেদক, বরিশাল : এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সুবাহ ইসলাম। তার অসাধারণ সাফল্যে পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দের আবহ বিরাজ করছে।
সুবাহ ইসলাম বরিশাল টিটিসি’র ইন্সট্রাক্টর শহিদুল ইসলাম এবং ১৭নং মকিমাবাদ নজিমুননেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মৎ ফেরদৌসী খানমের সুযোগ্য কন্যা।
ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি মনোযোগী সুবাহর এই সাফল্যের পেছনে বাবা-মায়ের অনুপ্রেরণা, শিক্ষকদের দিকনির্দেশনা এবং তার নিজের কঠোর পরিশ্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
গোল্ডেন এ প্লাস অর্জনের পর সুবাহ ইসলাম তার ভবিষ্যৎ শিক্ষা জীবনে আরও বড় সাফল্য অর্জনের প্রত্যয় ব্যক্ত করেছে। সে সকলের কাছে দোয়া চেয়েছে, যেন উচ্চতর শিক্ষায় কৃতিত্ব অর্জন করে মা-বাবার স্বপ্ন পূরণ করতে পারে এবং ভবিষ্যতে দেশ ও মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে পারে।
সুবাহ ইসলামের এ সাফল্যে তার পরিবার, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।
