ঢাকা সোমবার ৩১ আগস্ট ২০২৬ ১৬ ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৪ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

লোকসাহিত্য একাডেমি, বরিশাল আয়োজনে নজরুল স্মরণে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৬, রোববার, সময়ঃ ১১.০২ পি.এম
লোকসাহিত্য একাডেমি, বরিশাল আয়োজনে নজরুল স্মরণে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
www.dailyranggaprovat.com

রফিকুল ইসলাম রনি : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ৫০তম প্রয়াণ দিবসে উপলক্ষে ‘নজরুল স্মরণোৎসব’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রোববার  (৩০ আগস্ট) বরিশালের বাবুগঞ্জ উপজেলা জাহাঙ্গীর নগর ইউনিয়নের আগরপুর ডিগ্রি কলেজ শিক্ষক  মিলনায়তন রুমে বিকেল ৪ ঘটিকার সময়ে  সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন "লোকসাহিত্য একাডেমি, বরিশাল"  অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে গান, কবিতা আবৃত্তি, নজরুল বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিক্ষাবিদ, কবি, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী, আবৃত্তিশিল্পী ও সাহিত্যানুরাগীরা অনুষ্ঠানে অংশ নেন। 

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণোৎসব অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন আগরপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: এবায়েদুল হক শাহীন। 

লোকসাহিত্য একাডেমি, বরিশাল এর চেয়ারম্যান কবি মুস্তফা হাবীব এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্মরণোৎসব অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাহিত্য গবেষক ও বরিশাল অমৃত লাল দে মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মাহবুবুল হক।

অনুষ্ঠানে নজরুলের কর্মজীবনের উপর আলোচনা করেন সাংবাদিক, কলামিস্ট ও সুশাসন ব্যক্তিত্ব কবি আরিফ আহমেদ মুন্না, কলেজের সহকারী অধ্যাপক স্বপন কুমার বড়াল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব  জাকির হোসেন সবুজ, পন্ডিত জৈনুদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান কবি স.ম জসিম উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আগরপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক কবি মাহবুব রহমান। 

জাহিদ হোসেন হৃদয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আগৈলঝারা সরকারি কলেজের প্রভাষক কবি পথিক মোস্তফা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও দৈনিক বাংলাদেশ বাণী'র সম্পাদক আযাদ আলাউদ্দীন প্রমুখ।

সাংবাদিক, কলামিস্ট, সুশাসন ব্যক্তিত্ব ও কবি আরিফ আহমেদ মুন্না বলেন- 'কাজী নজরুল বিদ্রোহ শিখেছিলেন কোনো রাজনৈতিক পাঠশালায় নয়; তিনি বিদ্রোহ শিখেছিলেন জীবনের কাছ থেকে। অভাব তাঁকে শিখিয়েছে সংগ্রাম করতে। বঞ্চনা তাঁকে শিখিয়েছে প্রতিবাদ করতে। সামাজিক বৈষম্য তাঁকে শিখিয়েছে সাম্যের কথা বলতে। ঔপনিবেশিক শাসন তাঁকে শিখিয়েছে স্বাধীনতার স্বপ্ন দেখতে। কাজী নজরুল ইসলাম শুধু একজন কবি ছিলেন না; তিনি ছিলেন সৈনিক, সাংবাদিক, গীতিকার, সুরকার, সঙ্গীতজ্ঞ, ধর্মীয় পন্ডিত, শিক্ষক, দার্শনিক, রাজনৈতিক কর্মী এবং মানবতাবাদী এক অকুতোভয় যোদ্ধা।'

আলোচক কবি ও লোক সাহিত্যিক স.ম জসিম উদ্দিন বলেন, নজরুল ছিলেন বাংলা সাহিত্যের সৌরজগত। তার সাহিত্যে রয়েছে সকল যুগের সময় উপযোগী বার্তা। 

এছাড়াও বক্তারা বলেন, ‘‘কাজী নজরুল ইসলাম কবি, শিল্পী, গীতিকার, সুরকার, একজন ঔপন্যাসিক। নজরুলের চেতনা, আদর্শ ছড়িয়ে দেওয়ার জন্য এ সংগঠন সারা বছর নানা উদ্যোগ নিয়ে থাকবে।