কলাবাড়িয়া ইউপিতে শিক্ষার্থীদের সংবর্ধনা
মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার ৮ নং কলাবাড়িয়া ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় পশ্চিম কলাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়টির আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মাহমুদুল হক। কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এতে উপস্থিত ছিলেন কলাবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ লিয়াকত হোসেন (ছানা), যুবদলের সদস্য সচিব মোঃ রাসেল শেখ (আখের), নড়াগাতী থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ সাদিক, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ নওশের বিশ্বাস, কৃষক দলের সভাপতি মোঃ ফিরোজ মোল্লাসহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানের আয়োজক ও দাতা হিসেবে ছিলেন ৮ নং কলাবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও তরুণ সমাজসেবক শেখ সাদী। তিনি ২০২৪ সাল থেকে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, শিক্ষার মানোন্নয়ন এবং সামাজিক বিরোধ নিরসনে কাজ করে আসছেন বলে অনুষ্ঠানে উল্লেখ করা হয়।
শিক্ষার্থীদের উদ্দেশে শেখ সাদী বলেন, মাদক ও নানা সামাজিক অপরাধ প্রতিরোধে পরিবার, সমাজ ও প্রশাসনের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। অভিভাবকদের সন্তানদের প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সন্তানদের ভালোবাসা, সঠিক পরিচর্যা ও নিয়মিত পড়াশোনার পরিবেশ নিশ্চিত করা গেলে তারাই ভবিষ্যতে সমাজের সম্পদে পরিণত হবে।
পরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও উপহার তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত অতিথি, শিক্ষক ও স্থানীয় জনপ্রতিনিধিরা। পুরস্কার পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে আরও ভালো ফলাফল করার প্রত্যয় ব্যক্ত করে।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং মেধাবীদের স্বীকৃতি দেওয়ার মাধ্যমে কলাবাড়িয়ার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা রয়েছে।
