আশাশুনির বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনে এসপি আশরাফুল আলম
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে প্রতিষ্ঠিত বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন সাতক্ষীরা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম। শনিবার (১০ অক্টোবর) বিকালে তিনি পূজামন্ডপ পরিদর্শন করেন।
শুরুতে বুধহাটা সুবর্ণ বণিকপাড়া পূজা মন্ডপ ও বুধহাটা কাছারীবাড়ী সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন। পরদর্শনকালে পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ ও পূজা মন্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলেন এবং সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন। শান্তিপূর্ণ ও সকলের জন্য আনন্দময় পরিবেশে পূজা অনুষ্ঠানের দিনগুলি যাতে নির্বিঘ্নে সস্পন্ন হতে পারে সেজন্য তিনি দিকনির্দেশনামূলক কথা বলেন। তিনি পূজা মন্ডপের ভিতরে ঢুকে প্রতিমা দর্শন করেন। এসময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সাতক্ষীরা জেলায় ৬০৯ টি পূজামন্ডপে এবছর পূজা হচ্ছে। সাতক্ষীরা সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিশ্বাসী। হিন্দু মুসলিম সবাই মিলেমিশে এখানে বসবাস করে থাকে, আচার অনুষ্ঠানে সবাই একত্রে থাকে। তিনি বুধহাটায় উপস্থিত সকলকে দেখিয়ে বলেন, এখানে যেমন হিন্দু মুসলিম সবাই একসাথে এসেছেন, তেমনি সবাই মিলে পূজায় শান্তিরক্ষা করবেন। আমি এবং আমার সাথী সবাই নিয়মিত যোগাযোগ রাখছেন। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পূজার সময় ট্রাফিক ব্যবস্থা রাখা হবে। অধিকাংশ পূজামন্ডপে ইতিমধ্যে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। বাকীগুলো শীঘ্রই সিসি ক্যামেরার আওতায় আসবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
পরে তিনি উপজেলার মহেশ্বরকাটি, হাড়ীভাঙ্গা, বুড়িয়া ও গোয়ালডাঙ্গা পূজা মন্ডপ পরিদর্শন করেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস মিঠুন কুমার সরকার, এএসপি (দেবহাটা সার্কেল) মোঃ বায়েজীদ ইসলাম, আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদুর রহমান, বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সেকেন্দার আলী এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তার সাথে ছিলেন।
