মাগুরার মহম্মদপুরে রাতের আঁধারে ফলন্ত কলাগাছ কেটেছে দুর্বত্তরা, স্বর্বস্বান্ত কৃষক
সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলার পাল্লা গ্রামের জয়দার নামের এক কৃষকের রাতের আঁধারে প্রায় এক হাজার কলাগাছ কেটে সাবাড় করে দিয়েছেন দুর্বত্তরা। ঋণ ও ধারদেনা করে গড়ে তোলা বাগানে প্রতিটি গাছেই ফলন্ত। কিন্তু দুর্বৃত্তদের তাণ্ডবে এক রাতেই শেষ হয়ে গেছে কৃষক জয়দার শেখের স্বপ্ন। প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার ক্ষতির আশঙ্কা করছেন তিনি। এ ঘটনায় শনিবার রাতে থানায় লিখিত অভিযোগ দিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার।
স্থানীয়রা জানান, কৃষক জয়দারের বাড়ির পূর্ব পাশে গোরস্থানসংলগ্ন ১০০ শতক জমি লিজ ও বর্গা নিয়ে কলাবাগান গড়ে তুলেছিলেন কৃষক জয়দার শেখ। এনজিওসহ বিভিন্ন মাধ্যম থেকে ৩ থেকে ৪ লাখ টাকা ঋণ নিয়ে পরিচর্যা করছিলেন বাগানটি। কিছু গাছ ফলন্ত আর কিছু কিছু গাছে আসতে শুরু করেছিল কলার কান ও ছড়া। স্বপ্ন ছিল কলা বিক্রি করে ঋণ পরিশোধের। কিন্তু রাতের আঁধারে ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলা হয় প্রায় এক হাজার কলাগাছ। এখন ঋণের কিস্তি পরিশোধ আর সংসার চালানো নিয়ে দিশেহারা এই কৃষক।
কৃষক জয়দার শেখ জানান, এনজিও থেকে চড়া সুদে ঋণ নিয়ে দিনরাত পরিশ্রম করে বাগানটি করেছিলাম। আর কিছুদিন পর কলা বিক্রি করে ঋণ শোধ করার কথা ছিল। কিন্তু শত্রুতাবশত আমার সব শেষ করে দিয়েছে। এখন কিস্তি দেব কী দিয়ে, পরিবার নিয়ে খাব কী বুঝতে পারছি না। আমি সরকারের কাছে বিচার ও ক্ষতিপূরণ চাই।
ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় কলা ব্যবসায়ী জানান, এই বাগান থেকে কলা কিনে ঢাকা পাঠায়। যে টাকা লাভ হয় সেই টাকা দিয়ে সংসার চালায়।
ইউপি সদস্য মো: আলম নবী জানান, লোন-ঋণ করে সে বাগানটি করেছিল। ফলন্ত কলাগাছ কেটে ফেলায় তার প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। পুলিশকে তদন্ত করে দোষীদের গ্রেপ্তারের অনুরোধ জানিয়েছি।
মহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস শামীম আহমেদ কলাগাছ কাটার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত ব্যবস্থা গ্রহন করা হবে।
