আশাশুনিতে শিশু ধর্ষণ মামলার আসামীসহ গ্রেফতার-৩
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি থানা পুলিশ পৃথক অভিযানে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলার আসামীসহ তিনজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদেরকে রবিবার (১১ অক্টোবর) আদালতে প্রেরন করা হয়েছে।
থানা সূত্রে জানাগেছে, উপজেলার কুল্যা ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মৃত মোক্তার আলী সরদারের ছেলে রবিউল সরদার (৬৫) শরিবার দুপুর ১ টার দিকে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ফুসলিয়ে নিজের ফার্নিচারের দোকানের ভিতরে নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে ভিকটিমের পিতা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করলে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সং- ২০২৫) এর ৯(১) ধারায় ২৫ নং ধর্ষণ মামলা রুজু হয়। অফিসার ইনচার্জ শাহিদুর রহমানের তাৎক্ষণিক নির্দেশনায় এসআই আনজির সঙ্গীয় ফোর্সসহ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে রবিউল সরদারকে গুনাকরকাটি এলাকা থেকে গ্রেপ্তার করেন। পৃথক অভিযানে পুলিশ আশাশুনি থানার মামলা নং-২৫, তারিখ ২৩/৭/২৬ মামলায় তদন্তে সন্দিগ্ধ আসামি হিসেবে বাইনতলা গ্রামের মিজানুর মোল্যার ছেলে মাসুম মোল্লাকে এবং ওয়ারেন্টমূলে গোদাড়া গ্রামের ইউসুফ পাড়ের ছেলে নাজমুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।
