ঢাকা সোমবার ১২ অক্টোবর ২০২৬ ২৭ ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ ১৭ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

বরিশালের চৌমাথায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, রোববার, সময়ঃ ০৮.৪৭ পি.এম
বরিশালের চৌমাথায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
www.dailyranggaprovat.com

বরিশাল প্রতিনিধি : বরিশাল নগরের চৌমাথা এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে বসা ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ করেছে সিটি করপোরেশন।  রোববার বেলা পৌনে ১২টার দিকে চৌমাথা বাজারের সামনে থেকে এ অভিযান শুরু হয়। পরে বাজারের আশপাশ, হাতেম আলী কলেজ ও চৌমাথা লেক এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়।

বরিশাল সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় সিটি করপোরেশনের উচ্ছেদ শাখার প্রধান লতিকুল্লাহ, ট্রেড লাইসেন্স বিভাগের আজিজ শাহীন এবং হাটবাজার শাখার প্রধান রেজাউল উপস্থিত ছিলেন।

স্থানীয়ভাবে গুরুত্বপূর্ণ চৌমাথা এলাকায় এর আগেও একাধিকবার উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। তবে অভিযোগ রয়েছে, অভিযানের দু-এক দিন পরই আবার ফুটপাত দখল করে ব্যবসা শুরু করেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। 

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামান সাংবাদিকদের বলেন, নগরের ফুটপাত দখলমুক্ত ও চলাচলের উপযোগী রাখতে বিভিন্ন এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। এর ধারাবাহিকতায় আজ চৌমাথা এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।