কচুয়ায় আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগদানের ঘোষণা সাবেক ওয়ার্ড সভাপতির
কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের কচুয়ায় সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদানের ঘোষণা দিয়েছেন স্থানীয় এক আওয়ামী লীগ নেতা।
রবিবার (১২ অক্টোবর) কচুয়া প্রেস ক্লাব হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ লিখিত বক্তব্য পাঠ করেন মো: সেখ সহিদুল ইসলাম। তিনি কচুয়া উপজেলার পশ্চিম বারুইখালী গ্রামের মৃত সেখ হোসেন আলীর ছেলে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সেখ সহিদুল ইসলাম জানান, তিনি বিগত সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের কচুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সভাপতি পদে দায়িত্বে ছিলেন।
দল ত্যাগের ঘোষণা দিয়ে তিনি বলেন, "আমি দেশবাসীকে জানাতে চাই, আমি আর কখনো আওয়ামী লীগের রাজনৈতিক দল ও কর্মকাণ্ডের সাথে যুক্ত হব না। জীবনের শেষ বয়সে এসে পরিবার-পরিজনকে নিয়ে ধর্মের পথে থেকে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে চাই।"
ভবিষ্যতের রাজনৈতিক ইচ্ছা প্রকাশ করে তিনি আরও বলেন, "আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদান করে বাকি দিনগুলো দলের আদর্শ ধারণপূর্বক গণতন্ত্রের পক্ষে কাজ করার আশা প্রকাশ করছি।"
পরিশেষে তিনি ও তার পরিবার আওয়ামী লীগের কোনো ধরনের অপকর্ম সমর্থন করেন না জানিয়ে ভবিষ্যতে দলটির সাথে তার এবং তার পরিবারের আর কোনো সম্পৃক্ততা থাকবে না বলেও সংবাদ সম্মেলনে স্পষ্ট করেন।
