আগৈলঝাড়ায় পূজা মন্ডপ পরিদর্শন করেন ডিআইজি জুলফিকার আলি হায়দার
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় বিভিন্ন পূজা মন্ডপ
পরিদর্শন করেছেন বরিশাল রেঞ্জের ডিআইজি জুলফিকার আলি হায়দার।
সোমবার সন্ধ্যায় বরিশাল বিভাগের সবচেয়ে বড় পূজা মন্ডপ উপজেলার
বারপাইকা সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন বরিশাল রেঞ্জের
ডিআইজি জুলফিকার আলি হায়দার। এসময় তার সাথে উপস্থিত ছিলেন বরিশাল পুলিশ
সুপার এজেডএম মোস্তাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার (উজিরপুর সার্কেল)
সৌমেন্দ্র কুমার বাইন, আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
মোহাম্মদ মাসুদ খান, বরিশাল জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক হাফিজুর
রহমান সোহাগ, বারপাইকা সার্বজনীন দুর্গাপূজা কমিটির সভাপতি তপন সরকার
বিন্দু, সাধারন সম্পাদক সৈকত বাড়ৈসহ মন্দির কমিটির নেতৃবৃন্দ।
পূজা মন্ডপ পরিদর্শনকালে পূজার আয়োজক ও দর্শনার্থীদের সাথে বিভিন্ন বিষয়
নিয়ে কথা বলেন।
তিনি পূজা মন্ডপ ঘুরে দেখেন এবং নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে খোঁজখবর
নেন। পূজায় কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলার সময় ডিআইজি সাম্প্রদায়িক
সম্প্রীতি বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বাংলাদেশ সব
ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের দেশ। শারদীয় দুর্গাপূজার এই
উৎসবকে ঘিরে যেন সাম্প্রদায়িক সম্প্রীতি আরো দৃঢ় হয়, সেই লক্ষ্যে আমাদের
সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
পূজা কমিটির সদস্যদের সাথে আলাপচারিতায় তিনি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা
করেন এবং সকলকে আইনশৃঙ্খলা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে অনুরোধ জানান।
প্রশাসনের পক্ষ থেকে পূজামন্ডপগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ
করা হয়েছে বলেও জানান তিনি।
