ঢাকা বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ ৩০ ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ ২০ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কালিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, বুধবার, সময়ঃ ০৭.০৮ পি.এম
কালিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
www.dailyranggaprovat.com

মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল প্রতিনিধি :  “ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের কালিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৩ অক্টোবর) কালিয়া উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, দুর্যোগের ঝুঁকি হ্রাস এবং জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। 

কর্মসূচির অংশ হিসেবে বর্ণাঢ্য র‍্যালি, অগ্নিনির্বাপণ কৌশল প্রদর্শন, আলোচনা সভা ও দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়ার আয়োজন করা হয়। এসব কর্মসূচির মাধ্যমে প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ সম্পর্কে জনসাধারণকে সচেতন করা এবং দুর্যোগকালীন করণীয় সম্পর্কে ধারণা দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। 

এসময় উপস্তিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিন্নাতুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মোস্তফা কামাল ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী খালিদ আহমদ উসমানীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, ছাত্র/ ছাত্রী উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিন্নাতুল ইসলাম বলেন, “দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে হলে আগে থেকেই মানুষকে সচেতন ও প্রস্তুত থাকতে হবে। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের মূল উদ্দেশ্য হলো দুর্যোগের ঝুঁকি সম্পর্কে জনসাধারণকে সচেতন করা, মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নিশ্চিত করা এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ, সচেতন ও দুর্যোগসহনশীল সমাজ গড়ে তোলা।”

আয়োজকরা জানান, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি, সচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সব দপ্তরের সমন্বিত কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের কর্মসূচি দুর্যোগ মোকাবিলায় জনগণের সক্ষমতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে।