দেবহাটার সখিপুর ইউনিয়নের বিভিন্ন স্কুল ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরন
আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের বিভিন্ন স্কুল ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরন করা হয়েছে। বুধবার ১৪ অক্টোবর সকাল সাড়ে ১১টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। ২০২৬-২৭ অর্থ বছরের রাজস্ব উদ্বৃত্তের আওতায় গৃহীত সখিপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও ক্লাবে
খেলাধুলার সামগ্রী বিতরণী অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন নূর মোহাম্মদ গাজী, ইউপি সদস্য নজরুল ইসলাম, ইউপি সদস্য মোখলেছুর রহমান মোখলেস, ইউপি সদস্য আবুল হোসেন, ইউপি সদস্যা সাজু পারভিন, ইউপি সদস্যা রেহেনা পারভিনসহ সকল ইউপি সদস্য/সদস্যাবৃন্দ। অনুষ্ঠানে ইউনিয়নের ৩টি ক্লাব, সকল শিক্ষা প্রতিষ্টান এবং ৯টি ওয়ার্ডে পৃথকভাবে ৪টি করে বল প্রদান করা হয়েছে। এসময় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার পড়াশুনার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে নিজেদের শরীর গঠন ও দেশের সুনাম বৃদ্ধি করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। তিনি বলেন, খেলাধুলার মাধ্যমেই অতি দ্রুত বিশ্বের দরবারে নিজের দেশের সুনাম ও সম্মান অর্জন করা যায়। এছাড়া নিজের শরীর ও মন ভালো রাখা এবং মাদকসহ সকল অনৈতিক কর্মকান্ড থেকে বিরত থাকতে খেলাধুলার বিকল্প নেই বলে ইউএনও মিলন সাহা উল্লেখ করেন।
