পাবনায় চলন্ত অটোবাইকের উপরে গানের তালে নাচার সময় ছিটকে পড়ে যুবকের মৃত্যু
বিশেষ প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে চলন্ত অটোবাইক থেকে পড়ে মো. রাসেল প্রামাণিক (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে উপজেলার চরসাহাপুরে রূপপুর গ্রিনসিটির সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাসেল প্রামাণিক পাবনা সদর উপজেলার কাশিপুর বটতলা এলাকার মৃত মোস্তফা প্রামাণিকের ছেলে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে অটোরিকশার ব্যাটারি পরিবর্তন করতে রাসেলসহ চারজন ঈশ্বরদীতে আসেন। শহরের আলহাজ্ব মোড় এলাকার ফাহাদ ট্রেডার্স থেকে ব্যাটারি পরিবর্তন শেষে রাতে নতুন হাট হয়ে অটোরিকশায় বাড়ির উদ্দেশে রওনা হন তারা।
পথে অটোরিকশায় সাউন্ড বক্সে গান বাজছিল। এ সময় তারা আনন্দ-ফুর্তি করছিলেন। এ সময় অসাবধানতাবশত চলন্ত অটোরিকশা থেকে নিচে পড়ে যান রাসেল। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। পরে সঙ্গী ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, অসাবধানতাবশত অটোরিকশা থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান ওই যুবক। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
