কচুয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
কচ : "ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের কচুয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, দুর্যোগ মোকাবিলা বিষয়ক মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ আয়োজনে এবং বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে এসব কর্মসূচি পালিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমির সালমান রনির সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা সিনিয়ার মৎস্য কর্মকর্তা রবীন্দ্রনাথ মন্ডল, সমাজসেবা কর্মকর্তা মোঃ হাসিবুর রহমান, কচুয়া প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি তুহিন খান, এডভোকেট মাসফিকুর রহমান মাসুম, উপজেলা জামায়াতের আমির রফিকুল ইসলাম, পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক ও অবসরপ্রাপ্ত শিক্ষক সমীরণ বরন পাইক এবং ওয়ার্ল্ড ভিশনের এপি ম্যানেজার ডমিনিক্স সেন্টু গোমেজসহ আরও অনেকে।
আলোচনা সভায় বক্তারা বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশে দুর্যোগের ঝুঁকি অনেক বেশি। তাই প্রতিটি পরিবার ও ঘর থেকেই দুর্যোগ প্রস্তুতির সচেতনতা গড়ে তুলতে হবে। প্রাকৃতিক ও মানবসৃষ্ট যেকোনো দুর্যোগের ঝুঁকি কমাতে ও ক্ষয়ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনতে সমাজের সকল স্তরের মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানান বক্তারা।
এর আগে অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে দুর্যোগ মোকাবিলা ও উদ্ধারে সাধারণ মানুষের করণীয় তুলে ধরে সচেতনতামূলক এক অগ্নিনির্বাপণ ও উদ্ধার মহড়া প্রদর্শন করা হয়।
