কচুয়ায় ‘জাতীয় ডিজিটাল ভূমি জোনিং’ অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত
কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের কচুয়ায় পরিকল্পিত ভূমি ব্যবহার নিশ্চিতকরণ ও কৃষিজমি রক্ষায় ‘মৌজা ও প্লট ভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং প্রকল্প’-এর আওতায় এক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে বুধবার (১৪ অক্টোবর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমির সালমান রনির সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) বদরুদ্দোজা, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন এবং ভূমি মন্ত্রণালয়ের জিআই স্পেশালিস্ট মনোয়ারা খানম তামান্না।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কচুয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ তৌহিদুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী কচুয়া উপজেলা শাখার আমির মাওলানা রফিকুল ইসলাম এবং কচুয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস।
এছাড়াও সাংবাদিক সংগঠনগুলোর প্রতিনিধিদের মধ্যে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কচুয়া উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ তুহিন খান, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির সভাপতি মোহাম্মদ তরিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কর্মশালায় বক্তারা বলেন, দেশের সীমিত ভূমির সঠিক ব্যবহার, অনিয়ন্ত্রিতভাবে কৃষিজমি অকৃষি খাতে রূপান্তর রোধ এবং ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার আধুনিকায়নে জোনিং প্রকল্প কার্যকর ভূমিকা রাখবে। মৌজা ও প্লট ভিত্তিক এই ডিজিটাল মানচিত্রের ফলে ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে, যা ভবিষ্যতে টেকসই ও সুপরিকল্পিত সরকারি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে বিশেষ সহায়তা করবে।
