সাতক্ষীরায় দুর্গোৎসবে সর্বোচ্চ নিরাপত্তার নির্দেশ দিলেন খুলনা রেঞ্জের ডিআইজি
মোঃ আহাদুল্লাহ সানা, সাতক্ষীরা : শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে সাতক্ষীরায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১টার দিকে সাতক্ষীরার ঐতিহ্যবাহী জেলা মন্দির (মায়েরবাড়ি) পরিদর্শনকালে তিনি এ আশ্বাস দেন। সাতক্ষীরাজেলা ভ্রমণ
পরিদর্শনকালে ডিআইজি মন্দিরের সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং জেলা মন্দির সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, দুর্গোৎসবকে কেন্দ্র করে কেউ অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি কিংবা গুজব ছড়িয়ে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবিলায় স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেন নিরাপদে ও আনন্দের সঙ্গে দুর্গোৎসব উদ্যাপন করতে পারেন, সে লক্ষ্যে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। কোথাও সন্দেহজনক তৎপরতা, গুজব কিংবা অপ্রীতিকর ঘটনা দেখা দিলে দ্রুত পুলিশকে জানানোর জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
এ সময় সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম বলেন, সাতক্ষীরা জেলায় শারদীয় দুর্গোৎসব সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে উদ্যাপনে জেলা পুলিশ প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে। পূজামণ্ডপসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করছে।
বাংলাদেশ যুব ঐক্য পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক অমিত কুমার ঘোষ জেলা পুলিশের নিরাপত্তাব্যবস্থা ও তৎপরতার প্রশংসা করেন। দুর্গোৎসব শান্তিপূর্ণ রাখতে পুলিশ সুপারের আন্তরিকতা ও দায়িত্বশীল ভূমিকার জন্য তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর চৌধুরী এবং সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলামের আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা কার্যক্রমেরও প্রশংসা করেন। সাতক্ষীরাজেলা ভ্রমণ পরিদর্শন শেষে জেলা মন্দির সমিতির সভাপতি অ্যাডভোকেট সোমনাথ ব্যানার্জি ডিআইজি, পুলিশ সুপারসহ উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে দুর্গোৎসব উদ্যাপনের আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিনুর চৌধুরী এবং সদর থানার ওসি মো. শফিকুল ইসলাম।
এ ছাড়া জেলা মন্দির সমিতির সহসভাপতি সুভাষ ঘোষ, সাধারণ সম্পাদক নিত্যনন্দ আমিন, সাংগঠনিক সম্পাদক অসীম কুমার সাধু, সহসম্পাদক বলাই দেসহ সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
