আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা
গৌরনদ (বরিশাল) প্রতিনিধি : বরিশালের গৌরনদীতে আশংকাজনক হারে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯০ জন ভর্তি রোগীর মধ্যে অধিকাংশই ডেঙ্গু এবং ডেঙ্গু সন্দেহে চিকিৎসা নিচ্ছেন। সরেজমিন বৃহস্পতিবার দুপুরে হাসপাতাল ঘুরে দেখা গেছে এই চিত্র।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে ১০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আরো ৩০ জন রোগী ডেঙ্গু সন্দেহে চিকিৎসাধীন রয়েছে। বেড সংকট থাকায় তারা ফ্লোরে চিকিৎসা নিচ্ছেন। এতে হাসপাতালের কর্মীদের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিব মেডিক্যাল অফিসার ডা. তৌকির আহমেদ জানিয়েছেন, ভর্তি রোগীর মধ্যে ১০ জন ডেঙ্গু আক্রান্ত। আরো ৩০ জনকে ডেঙ্গু সন্দেহে হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। বর্হিবিভাগ থেকে প্রতিদিন গড়ে ৩০-৪০ জন রোগীকে ডেঙ্গু সন্দেহে চিকিৎসা দেওয়া হচ্ছে। ডেঙ্গু এবং ডেঙ্গু সন্দেহে চিকিৎসা নিতে আসা রোগীদের হাসপাতাল থেকে সাধ্যমত চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে ৫০ শয্যার হাসপাতালে ৯০ জন রোগী ভর্তি থাকায় বেড সংকট দেখা দিয়েছে। যে কারনে ফ্লোরে বেড বিছিয়ে রোগীদের চিকিৎসা দিতে হচ্ছে। ডেঙ্গু থেকে রক্ষায় উপজেলাবাসীকে তিনি সচেতন থাকার পরামর্শ দিয়েছেন।
উপজেলা হাসপাতালের ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. আবুল ফাতাহ মো. নাসের জানিয়েছেন, হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের যথাযথ সেবা প্রদানের জন্য প্রত্যেক চিকিৎসককে নির্দেশনা দেওয়া আছে। তবে ভর্তি রোগীর অতিরিক্ত চাপের কারনে বেড সংকট রয়েছে। বেড সংকটের বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
