ঢাকা মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ ৮ ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ২০ ই জিলহজ, ১৪৪৭ হিজরী
Ad

বাবুগঞ্জে উপজেলা প্রশাসনের কঠোর নজরদারিতে সুষ্ঠুভাবে প্রথম দিনের এসএসসি পরীক্ষা, অনুপস্থিত- ৩৭

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, সময়ঃ ০১.৪৬ পি.এম
বাবুগঞ্জে উপজেলা প্রশাসনের কঠোর নজরদারিতে সুষ্ঠুভাবে প্রথম দিনের এসএসসি পরীক্ষা, অনুপস্থিত- ৩৭
www.dailyranggaprovat.com

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি।। চলমান এসএসসি ও সমমান পরীক্ষায় সারা দেশের ন্যায় বরিশালের বাবুগঞ্জ উপজেলাতেও উপজেলা প্রশাসনের কঠোর নজরদারিতে সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা উপজেলার আলতাফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

এছাড়া উপজেলার খানপুরা রাশেদ খান স্কুল অ্যান্ড কলেজ, বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়, বাবুগঞ্জ বালিকা মাধ্যমিক বিদ্যালয়, চাঁদপাশা স্কুল অ্যান্ড কলেজ এবং বরিশাল ক্যাডেট কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্না।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে কেন্দ্রগুলোর আশেপাশে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। আইনশৃঙ্খলা রক্ষায় নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। পাশাপাশি নির্দিষ্ট সময়ের মধ্যে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা নির্বিঘ্নে কেন্দ্রে যাতায়াত করতে পারে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এ বছর বাবুগঞ্জ উপজেলার মোট ৮টি কেন্দ্রে ২ হাজার ৩৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের কথা থাকলেও প্রথম দিনে ১ হাজার ৯৯৮ জন পরীক্ষার্থী উপস্থিত ছিল এবং ৩৭ জন অনুপস্থিত ছিল।

পরীক্ষাকে ঘিরে প্রশাসনের এমন তৎপরতা এবং কেন্দ্রগুলোর নিরাপত্তা-শৃঙ্খলা দেখে সন্তোষ প্রকাশ করেছেন অভিভাবকরা। তারা আশা করছেন, এ ধরনের পরিবেশে শিক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারবে এবং ভালো ফলাফল অর্জন করবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা বলেন, শিক্ষার্থীদের সুষ্ঠু পরিবেশে পরীক্ষা নিশ্চিত করতে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে। নকলমুক্ত পরিবেশ বজায় রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে।

উল্লেখ্য, সারাদেশের মতো বাবুগঞ্জ উপজেলাতেও একযোগে শুরু হয়েছে মাধ্যমিক স্তরের পাবলিক পরীক্ষা এসএসসি।

» বিস্তারিত কমেন্টে «
facebook.com/dailyranggaprovat
dailyranggaprovat.com