কবি দিদার উদ্দিন সেলিম এর কবিতা " এক মুঠো রূপালী চাঁদ "
এক মুঠো রূপালি চাঁদ
কবি দিদার উদ্দিন সেলিম
ভোরের স্নিগ্ধতায় বইছে বসন্ত বাতাস
বর্ষার গানের মতো
হৃদয়ে বাজে নদীর হাসি
কুয়াশার চাদরে মোড়ানো
রূপকথার মতো ছুটে চলে
এ যেন এক স্বপ্নীল জীবন।
চাঁদের আলোর মতো ভাসা মন
সন্ধ্যাতারা, রূপালী চাঁদ, নক্ষত্রপথ
পুস্পিত প্রাণে হৃদয় কুসুম
বর্ষাধারার মতো বইছে সমীরণ
নদীর জলে প্রজাপ্রতির মতো নৃত্য করে
অবারিত জল চঞ্চল ঝর্নাধারা।
সোনালী প্রভাতে কাঁচা মাটির গন্ধ
পৃথিবীর সীমানা ছাড়িয়ে আকাশ স্পর্শ করে
বুনো ফুলের মিষ্টি ঘ্রাণ
হৃদয় জুড়ে বাজে বসন্তরাগ
শিশুর নির্মল হাসির মতোই
উজ্জ্বল তোমার মায়াবতী চোখ।
গোধূলী বেলায় সীমানা ছাড়িয়ে
মুগ্ধতা ছড়ায় নির্মল সমীরণ
দিগন্ত ছোঁয়া জল, তরঙ্গমালা
নির্জন উপকূলে স্মৃতির টেউ
জোনাক জ্বলা রাতে মুগ্ধতা ছড়ায় নক্ষত্রপথ
ঝর্ণাধারার মতো এক মুঠো রূপালী চাঁদ।
