ঢাকা মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৫ ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৯ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

বিশ্বকাপের জন্য প্রস্তুত হচ্ছেন মেসি

প্রকাশিত: ১৮ মে ২০২৬, সোমবার, সময়ঃ ১২.৫৮ পি.এম
বিশ্বকাপের জন্য প্রস্তুত হচ্ছেন মেসি
www.dailyranggaprovat.com

রাঙা প্রভাত ডেস্ক :

ফিফা বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। ক্লাব ফুটবলের মৌসুম শেষ হতেই পুরোপুরিভাবে শুরু হয়ে যাবে বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি।
আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির প্রস্তুতি শুরু হয়ে গেছে আরও আগে থেকে। ইন্টার মায়ামির জার্সিতে খেলার পাশাপাশি নিজের শরীরকে বিশ্বকাপের জন্য তৈরি করতে কঠোর পরিশ্রম শুরু করেছেন তিনি।
কিংবদন্তিতুল্য ক্যারিয়ারের শেষ লগ্নে এসে মেসির নতুন করে পাওয়ার আর কিছুই নেই। ২০২২ সালে অধরা বিশ্বকাপও জিতেছেন তিনি। তারপরও আসন্ন বিশ্বকাপকে হালকাভাবে নিচ্ছেন না আটবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা। বরং শারীরিক পরিশ্রম আরও বাড়িয়ে দিয়েছেন তিনি
মেসির ক্লাব ও আন্তর্জাতিক সতীর্থ রদ্রিগো ডি পল জানালেন, আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার মিশনে নিজেদের শরীরকে সর্বোচ্চ পর্যায়ে রাখতে তারা দুজনেই কঠোর পরিশ্রম করছেন। ক্লাবের নিয়মিত অনুশীলনের বাইরে জাতীয় দলের হয়ে সেরা পারফরম্যান্সের জন্য ফিট থাকতে ‘ডাবল ট্রেনিং’ বা দ্বিগুণ অনুশীলন শুরু করেছেন মেসি।
লু দেল পোলো-এর সঙ্গে সাক্ষাৎকারে ডি পল জানান, গত কয়েক মাস ধরে তারা বিশেষ ফিটনেস পরিকল্পনা নিয়ে কাজ করছেন। এই মিডফিল্ডার বলেন, ‘দুই-তিন মাস আগে থেকে ক্লাবের নিয়মের বাইরে আমাদের একটি নিজস্ব ট্রেনিং প্ল্যান রয়েছে। সেরা শারীরিক অবস্থায় পৌঁছানোর জন্য আমরা দুজনে নিজেদের উজাড় করে দিচ্ছি। আমরা নিজেদের জন্য একটি ডাবল শিফটের প্রস্তাব করেছি। সেখানে আমাদের নিজস্ব ট্রেইনার রয়েছেন এবং আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি।’
চলতি এমএলএস মৌসুমে মায়ামির হয়ে দারুণ ফর্মে আছেন মেসি। ইতোমধ্যে তিনি ১২টি গোল ও চারটি অ্যাসিস্ট করেছেন। গতকাল ঘরের মাঠ নু স্টেডিয়ামে পোর্টল্যান্ড টিম্বার্সের বিপক্ষে প্রথম জয় পেয়েছে মায়ামি। সেই ম্যাচে একটি গোল করার পাশাপাশি অ্যাসিস্টও করেন মেসি।

তিন ড্র ও এক হারের পর মায়ামি তাদের নতুন ভেন্যুতে প্রথম জয়ের দেখা পেল। বিশ্বকাপের আগে মায়ামির আর মাত্র একটি ম্যাচ বাকি আছে। ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে সেই ম্যাচটি খেলেই আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দেবেন মেসি ও ডি পল।