কবি মুস্তফা হাবীব এর কবিতা " দেয়াল ভাঙার চেষ্টা "
দেয়াল ভাঙার চেষ্টা
মুস্তফা হাবীব
প্রথমত আঁকা ছবির শৈল্পিক কারুকাজ দিয়ে
ভাঙতে চেয়েছিলাম মানবকুলের সংকীর্ণতার দেয়াল
পারিনি, হেরে গেছি
মানুষরূপি ওলা বিড়াল আর বানরের চাতুর্য্যের কাছে,
ওদের লালন করে রাখে সময়ের রাজহাঁস।
এরা শিল্পের নৈপুণ্যে মুগ্ধ নয়
মুগ্ধ সম্পদের পাহাড় গড়ায়
ইলিশে নাভীর সৌন্দর্য সন্ধানে ছোটে রিসোর্ট সেন্টারে,
এইসব কানাদের হাট বাজার দেখে পৃথিবী অবাক ।
এরা নাকি অতিশয় প্রগতিশীল!
আভিজাত্য বোধের শীর্ষ চূড়া ছুঁয়ে যেতে যেতে
অশীতিপর পিতাকে পাঠায় বৃদ্ধাশ্রমে
অবহেলায় পচে গলে পড়ে থাকে জন্মদাত্রী মাতার লাশ
তবু ওরা ভুলে থাকে মা মাটি দেশ, দেশের মানুষ।
দ্বিতীয়ত শব্দশিল্পের নিগুড় ইশারায়
ভাঙতে চেয়েছিলাম বৈষম্যের সনাতন বেড়িবাঁধ
পারিনি, হেরে গেছি স্বৈরতন্ত্রের যাঁতায় পিষ্ট হয়ে,
সূর্য অগ্রাহ্য, সর্বত্রই দাঁড়িয়ে আাছে অন্ধকারের দেয়াল।
