ঢাকা সোমবার ০৮ জুন ২০২৬ ২৫ ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৯ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

মোজতবা খামেনি গুরুতর আহত : ট্রাম্প

প্রকাশিত: ০৮ জুন ২০২৬, সোমবার, সময়ঃ ১২.০৪ পি.এম

রাঙা প্রভাত ডেস্ক :

ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি মার্কিন-ইসরায়েলি হামলায় মারাত্মকভাবে আহত হয়েছেন বলে এক বিস্ফোরক দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এনবিসি নিউজের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে প্রখ্যাত সাংবাদিক ক্রিস্টেন ওয়েলকারকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ট্রাম্প মার্কিন যুদ্ধকৌশল ও তেহরানের শীর্ষ নেতৃত্বের বর্তমান অবস্থা নিয়ে এই চাঞ্চল্যকর মন্তব্য করেন।

সাক্ষাৎকারে ইরানের সাথে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে কথা বলার সময় মার্কিন প্রেসিডেন্ট খামেনির শারীরিক অবস্থা এবং তার অবস্থান প্রসঙ্গে বলেন, তিনি (মোজতবা খামেনি) কোথায় আছেন তা আমি জানি কি জানি না, সেটি এই মুহূর্তে স্পষ্ট করতে চাইছি না। তবে আমি তার অবস্থান সম্পর্কে অবগত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। খামেনির বর্তমান পরিস্থিতি উল্লেখ করে ট্রাম্প আরও যোগ করেন, তিনি অত্যন্ত গুরুতরভাবে আহত।

তবে এই শারীরিক সংকটের মধ্যেও খামেনির যুদ্ধকালীন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার প্রশংসা করে ট্রাম্প বলেন, তার মধ্যে এক ধরণের সাহসিকতা রয়েছে। অনেকেই এত মারাত্মকভাবে আহত হলে হয়তো আমেরিকার সাথে সম্পর্ক কেমন যাচ্ছে, তা নিয়ে কথা বলার অবস্থায় থাকতেন না; তাদের মাথায় অন্য চিন্তা থাকতো। কিন্তু তিনি সচল আছেন।

এদিকে তেহরানের সাথে চলমান যুদ্ধবিরতি ও শান্তি চুক্তি নিয়ে নিজের অনড় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন ট্রাম্প। তিনি বেশ আত্মবিশ্বাসের সুরে বলেন, আমরা ইরানের সাথে একটি চুক্তিতে পৌঁছানোর খুব কাছাকাছি আছি। আর যদি শেষ পর্যন্ত চুক্তি না-ও হয়, তবে আমরা অন্য কোনো উপায়ে এর সমাধান করব। তবে পথ যেটাই হোক না কেন, জয় আমাদেরই হবে।

গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তার ৫৬ বছর বয়সী পুত্র মোজতবা খামেনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তবে ক্ষমতা গ্রহণের পর থেকে আজ পর্যন্ত তাকে কোনো জনসমক্ষে বা ভিডিও বার্তায় দেখা যায়নি, যা নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে নানা গুঞ্জন ছিল।