ঢাকা বৃহস্পতিবার ১১ জুন ২০২৬ ২৮ ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ১২ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

ব্যাংক, বীমা ও পুঁজিবাজার সংস্কারেই মনোযোগী সরকার

প্রকাশিত: ১১ জুন ২০২৬, বৃহস্পতিবার, সময়ঃ ০৭.১৪ এ.এম
ব্যাংক, বীমা ও পুঁজিবাজার সংস্কারেই মনোযোগী সরকার
www.dailyranggaprovat.com

রাঙা প্রভাত ডেস্ক :

বৈশ্বিক ও দেশীয় অর্থনীতির এক চরম বাস্তবতায় জাতীয় সংসদে উপস্থাপিত হতে যাচ্ছে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট। উচ্চ মূল্যস্ফীতি, ডলার সংকট, খেলাপি ঋণের পাহাড় এবং পুঁজিবাজারের দীর্ঘমেয়াদি তারল্য সংকটের প্রেক্ষাপটে এবারের বাজেট ঘোষণা হতে যাচ্ছে। বাজেটে আর্থিক খাতের স্টেকহোল্ডাররা সংস্কারমূলক পদক্ষেপের পাশাপাশি করপোরেট কর হ্রাস, সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ সীমা বাতিলসহ জাতীয় রাজস্ব বোর্ডের কাছে বিভিন্ন দাবি ইতোপূর্বে পেশ করেছে। উদ্ভূত পরিস্থিতিকে সামনে রেখে দেশের আর্থিক খাতের চার প্রধান স্তম্ভ- ব্যাংক, বীমা, পুঁজিবাজার এবং মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলো এক চরম সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। তবে সরকারের বিভিন্ন দায়িত্বশীল সূত্রগুলোর মতে, এবারের বাজেটে ব্যাংক, বীমা ও পুঁজিবাজারের ক্ষেত্রে বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপে গুরুত্ব দেবে সরকার।

অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) রাজস্ব বৃদ্ধির শর্ত এবং সরকারের অভ্যন্তরীণ বিশাল বাজেট ঘাটতি মেটানোর তাগিদ- এই দুয়ের যাঁতাকলে পড়ে অর্থ মন্ত্রণালয় ও এনবিআরকে এক কঠিন ভারসাম্য রক্ষা করতে হচ্ছে। খাতের অংশীজনরা যখন করপোরেট কর হ্রাস ও দ্বৈত করমুক্ত সুবিধার দাবি তুলছেন, সরকার তখন বাজেট ঘাটতি মেটাতে ব্যাংক খাত থেকে রেকর্ড পরিমাণ ঋণ নেওয়ার ছক কষছে।