তেরখাদায় নকলমুক্ত পরিবেশে এইচ এসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত
তেরখাদা (খুলনা) প্রতিনিধি : অত্যন্ত সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে তেরখাদা উপজেলার বিভিন্ন কেন্দ্রে ২০২৬ সালের এইচ এস সি ও সমমানের পরীক্ষার প্রথম দিন অতিবাহিত হয়েছে। পরীক্ষার প্রথম দিনে সরকারি নর্থ খুলনা কলেজে ৯৭ জন পরীক্ষার্থী অংশ নেয়। ৩জন পরীক্ষার্থী এ কেন্দ্রে অনুপস্থিত ছিলো এবং চিত্রা মহিলা ডিগ্রী কলেজ কেন্দ্রে ৭৩জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এ কেন্দ্রে ৪জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। অপরদিকে হাড়িখালী টেকনিক্যাল এন্ড বিএম কলেজ কেন্দ্র ও জোবায়দা কলেজ ভেন্যুতে মোট পরীক্ষার্থী ছিলো ৪৬৭ জন। এর মধ্যে সকাল এবং বিকেল মিলে ৩৯জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে গ্রহণ করার লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তাহমিনা সুলতানা নীলা উপজেলার সকল অফিসার ও কলেজের প্রধানদের নিয়ে পরীক্ষার পূর্বে একটি প্রস্তুতি মূলক সভার আয়োজন করেন। তিনি পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা কঠোরভাবে অনুসরণের পাশাপাশি নকল ও সকল ধরণের অনিয়ম প্রতিরোধে সংশ্লিষ্টদের আন্তরিকভাবে দায়িত্ব পালনের জন্যে আহবান জানান। পরীক্ষাচলাকালীন সময়ে উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তাহমিনা সুলতানা নীলা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। পরীক্ষা পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, এইচ এস সি পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষা। পরীক্ষার্থীদের মেধা ও যোগ্যতার সঠিক মূল্যায়ন নিশ্চিত করতে আমরা সম্পূর্ণ নকলমুক্ত, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণে বদ্ধ পরিকর। কোনো পরীক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যদি অসদুপায় অবলম্বন করেন বা পরীক্ষার শৃঙ্খলা বিনষ্টের চেষ্টা করেন তবে তার বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সে ক্ষেত্রে কাউকে কোনো ধরণের ছাড় দেয়া হবে না। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিজ্ তাহমিনা সুলতানা নীলা বলেন, সকলের সম্মিলিত সহযোগিতায় স্বচ্ছ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য এবং শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করাই আমাদের লক্ষ্য। এদিকে উপজেলা প্রশাসনের এমন কঠোর নজরদারি ও সার্বিক তৎপরতায় পরীক্ষার্থীরা স্বস্তিদায়ক পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরেছেন বলে সংশ্লিষ্টরা জানান। পরীক্ষা চলাকালীন সময়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম নুরুন্নবী বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। পরীক্ষা চলাকালীন সময়ে কোনো কেন্দ্রের কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি।
