ঢাকা বুধবার ০৯ সেপ্টেম্বর ২০২৬ ২৫ ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ১৪ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

রাউজানে পূর্ণিমনী উপলক্ষে আলোচনা সভা ও গীতা বিতরণ

প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, সময়ঃ ০৪.৫৯ পি.এম
রাউজানে পূর্ণিমনী উপলক্ষে আলোচনা সভা ও গীতা বিতরণ
www.dailyranggaprovat.com

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম) : চট্টগ্রামের রাউজানে বাংলাদেশ সনাতন ছাত্র মহাসংঘ, রাউজান উপজেলা শাখার উদ্যোগে পূর্ণিমনী উপলক্ষে আলোচনা সভা, শ্রীমদ্ভগবদ্গীতা বিতরণ ও মনোজ্ঞ সনাতনী ব্যান্ড সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি দক্ষিণ রাউজান কেন্দ্রীয় শ্রীশ্রী মা মগদ্ধেশ্বরী ও গঙ্গা মন্দির প্রাঙ্গণে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আলোচনা সভা, শ্রীমদ্ভগবদ্গীতা বিতরণ ও সনাতনী ব্যান্ড সংগীত পরিবেশনসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে ভক্ত ও সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ১০০টি শ্রীমদ্ভগবদ্গীতা বিতরণ করা হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও সনাতনী মুখপাত্র ড. কুশলবরণ চক্রবর্ত্তী, দক্ষিণ রাউজান কেন্দ্রীয় মা মগদ্ধেশ্বরী ও গঙ্গা মন্দির পরিচালনা পরিষদের সভাপতি সুভাষ চৌধুরী, রাউজান উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি দোলন কৃষ্ণ ঘোষ, দক্ষিণ রাউজান কেন্দ্রীয় মা মগদ্ধেশ্বরী ও গঙ্গা মন্দির পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক লিটন মহাজন লিটু, দক্ষিণ রাউজান কেন্দ্রীয় মা মগদ্ধেশ্বরী ও গঙ্গা মন্দির উৎসব কমিটির সভাপতি কবিরাজ দুলাল বৈদ্যসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, সনাতন ধর্ম ও সংস্কৃতির চর্চা, সামাজিক ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্প্রীতি বজায় রাখতে তরুণ প্রজন্মকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। ধর্মীয় ও নৈতিক শিক্ষার মাধ্যমে নতুন প্রজন্মকে সনাতনী আদর্শে উদ্বুদ্ধ করার ওপরও গুরুত্বারোপ করেন তারা।

বক্তারা আরও বলেন, শ্রীমদ্ভগবদ্গীতার শিক্ষা মানুষের জীবনকে নৈতিকতা, মানবিকতা ও সত্যের পথে পরিচালিত করে। সনাতনী ধর্ম ও সংস্কৃতির চর্চার পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় তরুণদের সক্রিয়ভাবে এগিয়ে আসতে হবে।

আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সনাতনী ব্যান্ড সংগীতানুষ্ঠান। এতে বিভিন্ন সনাতনী সংগীত দলের শিল্পীরা ভক্তিমূলক ও সনাতনী সংগীত পরিবেশন করেন। তাদের পরিবেশনায় অনুষ্ঠানস্থলে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আয়োজকরা জানান, সনাতন ধর্ম ও সংস্কৃতির চর্চা, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করা এবং তরুণ প্রজন্মকে সনাতনী আদর্শে উদ্বুদ্ধ করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও সনাতনী ধর্ম, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ, শিক্ষক, সমাজকর্মী, বাংলাদেশ সনাতন ছাত্র মহাসংঘের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক ভক্ত ও দর্শনার্থী উপস্থিত ছিলেন।