কচুয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা
কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের কচুয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উদ্যাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার ( ৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান পাইকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমির সালমান রনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মির্জা মিজানুর আলম,সমাজসেবা কর্মকর্তা মোঃ হাসিবুর রহমান।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মোঃ রফিকুল ইসলাম, কচুয়া প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম খোকন ও সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাসসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, "একটি জ্ঞানভিত্তিক ও নিরক্ষরতামুক্ত সমাজ গঠনে সাক্ষরতা প্রসারের কোনো বিকল্প নেই। উপানুষ্ঠানিক শিক্ষার মাধ্যমে ঝরে পড়া শিক্ষার্থী ও বয়স্কদের আলোর মুখ দেখাতে প্রশাসন সর্বদা বদ্ধপরিকর।"
সভাপতির বক্তব্যে উপানুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা মো: মিজানুর রহমান উপজেলায় সাক্ষরতার হার বৃদ্ধি এবং এর গুণগত মান উন্নয়নে গৃহীত বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

