স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তি পেয়েছে দীপু মনি
প্রকাশিত: ২০ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার, সময়ঃ ১১.২৭ এ.এম
রাঙা প্রভাত ডেস্ক :
সাবেক শিক্ষামন্ত্রী এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডা. দীপু মনির স্বামী ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে তাকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোর ৬টার দিকে মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে কড়া পুলিশি নিরাপত্তায় প্রিজন ভ্যানে করে তাকে রাজধানী ঢাকার কলাবাগানের উদ্দেশে নিয়ে যাওয়া হয়।
এর আগে, বুধবার দুপুরে কারাগারে গিয়ে মায়ের সাথে দেখা করেন ডা. দীপু মনির কন্যা তানি দিপাবলি। পরবর্তীতে মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের কাছে তিনি ৪ দিনের জন্য প্যারোলে মুক্তির আবেদন করলে ১২ ঘণ্টার জন্য তা মঞ্জুর করেন। নির্ধারিত এই সময়ের মধ্যে তিনি তার মরহুম স্বামীর শেষকৃত্য ও জানাজায় অংশ নেবেন।
গত মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় ৭৬ বছর বয়সে মারা যান ব্যারিস্টার তৌফিক নেওয়াজ। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের নানা জটিলতায় ভুগছিলেন।
