বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রে তৎপরতায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক রেজাউল করিম দায়িত্ব গ্রহণের পর মাত্র এক মাসের ব্যবধানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। তার কর্মতৎপরতা, দায়িত্বশীলতা ও জনবান্ধব পুলিশিং কার্যক্রমে স্থানীয় মানুষের মধ্যে স্বস্তি ও নিরাপত্তাবোধ তৈরি হয়েছে। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন। নিয়মিত পুলিশি তৎপরতা, ইউনিয়ন পুলিশিং কমিটির সদস্যদের নিয়ে মতবিনিময়, পাইথালী বাজার ব্যবস্থাপনা কমিটি মতবিনিময়, বেউলা বাজার ব্যবস্থাপনা কমিটি ও এলাকাবাসীর সাথে মতবিনিময়, মহেশ্বরকাটি বাজার ব্যবস্থাপনা কমিটির সাথে মতবিনিময় এবং বুধহাটা বাজার ব্যবস্থাপনা কমিটি ও এলাকাবাসীর সাথে মতবিনিময় করে মাদক, জুয়া, বাল্য বিবাহ ও ইভটিজিং প্রতিরোধে করনীয়তা নিয়ে আলোচনা ও সচেতনতা সৃষ্টি করা হয়। সাথে সাথে অপরাধপ্রবণ এলাকায় নজরদারি বৃদ্ধি, মাদক ও অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধ এবং সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানোর মাধ্যমে তিনি দায়িত্ব পালনে সক্রিয় ভূমিকা রাখছেন। মোবাইলে জুয়া খেলার বিরুদ্ধে কৌশলগত অভিযান পরিচালনা করায় যুব সমাজ জুয়ার অপরাধ থেকে সরে আসছে। এ ছাড়া সামাজিক অপরাধ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে সমন্বয় এবং সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যার বিষয়ে গুরুত্ব দেওয়ার বিষয়টিও তাঁর কার্যক্রমে বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। এমনকি বিভিন্ন জুম্মা মসজিদে আলোচনার মাধ্যমে প্রতিরোধ ও মোটিভেশনাল বক্তব্য ও সকলের সহযোগিতা কামনা করছেন। মাত্র এক মাসের দায়িত্বকালে তার এমন তৎপরতা বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন এনেছে। পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা ও সহযোগিতা বৃদ্ধিতেও তার ভূমিকা প্রশংসিত হচ্ছে।
আইনশৃঙ্খলা রক্ষা শুধু পুলিশের একার দায়িত্ব নয়, এ কাজে সাধারণ মানুষের সহযোগিতাও প্রয়োজন। এ উপলব্ধি থেকে জনগণের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার মাধ্যমে বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রকে আরও জনবান্ধব ও কার্যকর করার প্রচেষ্টা অব্যাহত রেখেছেন পুলিশ ইন্সপেক্টর রেজাউল ইসলাম।
