কলারোয়ায় ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটির সভা
শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, কলারোয়া (সাতক্ষীরা) : কলারোয়া ফুটবল মাঠ সংরক্ষণ ও তদারকির জন্য গঠিত মাঠ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে কলারোয়া ফুটবল ময়দান মঞ্চে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আরিফুল ইসলাম। ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলহাজ্ব শেখ তামিম আজাদ মেরিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন কমিটির সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন। কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল মাঠটি সংস্কার, একটি শিশু ক্রীড়া মাঠ তৈরি, ইনডোর গেম স্পট, ব্যায়ামের নানা ধরনের রাইড, সীমানা প্রাচীর সম্পন্নসহ নানা মাঠকেন্দ্রিক উন্নয়ন প্রস্তাবনা তুলে ধরেন বক্তারা। সেইসাথে তিনটি গেট নির্মাণ করে ফুটবল মাঠকে সংরক্ষণ এবং মাঠের সৌন্দর্য বৃদ্ধি করার আলোচনাও উঠে আসে সভায়। সভায় প্রধান অতিথি সকল প্রস্তাবনার সাথে ঐকমত্য পোষণ করে বলেন, অচিরেই মাঠের সংস্কারকাজ শুরু করা হবে। এছাড়া অন্যান্য দাবিও পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলে উপজেলা নির্বাহী অফিসার আশ্বাস দেন। ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি অ্যাড. কাজী আবদুল্লাহ আল হাবিবের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ও আলোচনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল হক, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আবু মুসা, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আরিফ হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মীর রফিকুল ইসলাম, ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তা শেখ আলতাফ হোসেন, রেজাউল করিম লাভলু, রমজান আহমেদ, সাইফুল ইসলাম বাবু, শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সৈয়দ মাসুদ হোসেন লিটন, কাজী সিরাজুল ইসলাম, শেখ শাহাজাহান আলী শাহিন, মাসউদুল ইসলাম মাসুদ, ফারুক হোসেন স্বপন, সাজেদুল করিম তপু, সানবিম করিম সিয়াম, ফুটবলার রাশেদুজ্জামান প্রমুখ।
