ঢাকা মঙ্গলবার ১৭ নভেম্বর ২০২৬ ২ ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৪ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

মহম্মদপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, সোমবার, সময়ঃ ১০.১১ পি.এম
মহম্মদপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান
www.dailyranggaprovat.com

সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা) থেকে : মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের জাঙ্গালিয়া এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুটি ইটভাটা বন্ধ ঘোষণা এবং একটি ইটভাটার ম্যানেজারকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

১৬ নভেম্বর (সোমবার) সকাল থেকে বিকাল পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাদমান আকিফ এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহরিয়ার ইসলাম।

অভিযানকালে জাঙ্গালিয়া এলাকায় অবস্থিত ‘নাভা ব্রিক ফিল্ড’ ও ‘নদী ব্রিক ফিল্ড’-এ ইট প্রস্তুত ও ভাটা পরিচালনার প্রয়োজনীয় লাইসেন্স না থাকা, অনুমোদন ব্যতীত মাটি কর্তন, কয়লার পরিবর্তে কাঠ ও গাছের গুঁড়ি ব্যবহার করে ইট পোড়ানো, কৃষিজমি ধ্বংস করে ইটভাটা স্থাপন এবং জনবসতির নিকটবর্তী স্থানে ইটভাটা পরিচালনাসহ বিভিন্ন অনিয়ম ও আইন লঙ্ঘনের বিষয়টি প্রমাণিত হয়।

প্রসঙ্গত উক্ত দুটি ইটভাটাকে ইতিপূর্বে গত মাসে মোবাইল কোর্টের মাধ্যমে পৃথকভাবে ৫ লাখ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছিল। তা সত্ত্বেও পুনরায় একই ধরনের অপরাধ সংঘটিত হওয়ায় মোবাইল কোর্টের আদেশে ইটভাটা দুটি বন্ধ ঘোষণা করা হয়। এ সময় পানি দিয়ে ভাটার চুল্লির আগুন নিভিয়ে দেওয়া হয়।

এছাড়াও একই এলাকায় অবস্থিত ‘সীমান্ত ব্রিক ফিল্ড’ নামক ইটভাটাটি পূর্বে অর্থদণ্ডপ্রাপ্ত এবং বন্ধ ঘোষিত হওয়া সত্ত্বেও অনুমোদনহীনভাবে পুনরায় চালু করার অপরাধে ভাটাটির ম্যানেজারকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে ১৪ ধারায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযানে সর্বমোট ৩টি মামলায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। এর মধ্যে দুটি ইটভাটা বন্ধ ঘোষণা এবং একজনকে এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনায় সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তর, মাগুরার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং মহম্মদপুর থানা পুলিশের সদস্য ও ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ।

পরিবেশ সুরক্ষা, কৃষিজমি সংরক্ষণ এবং জনস্বাস্থ্য রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।