ঢাকা মঙ্গলবার ১৭ নভেম্বর ২০২৬ ২ ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৪ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

পাবনার সুজানগরে ভুয়া চক্ষু চিকিৎসার দায়ে দুজনের কারাদণ্ড

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, সোমবার, সময়ঃ ০৯.৫৬ পি.এম
পাবনার সুজানগরে ভুয়া চক্ষু চিকিৎসার দায়ে দুজনের কারাদণ্ড
www.dailyranggaprovat.com

বিশেষ প্রতিনিধি : পাবনার সুজানগরে ভুয়া চিকিৎসক সেজে মেয়াদোত্তীর্ণ ওষুধ দিয়ে চক্ষু চিকিৎসার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত দুইজনকে চার মাস করে কারাদণ্ড দিয়েছেন। এ ঘটনায় সংশ্লিষ্ট আরও দুইজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর রাশেদুজ্জামান রাশেদের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। জেলা এনএসআই, পাবনার গোপন তথ্য ও সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন।

অভিযান সূত্রে জানা যায়, ওই দিন সকাল ১০টা থেকে চার সদস্যের একটি চক্র বেড়ার লাইসেন্সবিহীন ‘বেড়া আই হাসপাতাল অ্যান্ড ফ্যাকো সেন্টার’-এর পক্ষে সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের দুলাই মাদ্রাসা ও এতিমখানা এলাকায় চক্ষু চিকিৎসার ব্যবস্থাপত্র প্রদান করছিল। পরে অভিযান চালিয়ে চক্রটির সদস্যদের আটক করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন বেড়া আই হাসপাতাল অ্যান্ড ফ্যাকো সেন্টারের মালিক রাকিবুল ইসলাম ও ভুয়া চিকিৎসক মো. আকবর আলী। তাঁদের প্রত্যেককে চার মাসের কারাদণ্ড দেওয়া হয়। অন্যদিকে সিরিয়াল লেখক রুমা ও ক্যাম্পেইন প্রচারক রবিউলকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

অনুমোদনহীন প্রতিষ্ঠানের মাধ্যমে চিকিৎসাসেবা প্রদান এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহারের মতো জনস্বাস্থ্যঝুঁকিপূর্ণ কর্মকাণ্ডের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়।