সার সংকট নেই, মজুত করলে কঠোর ব্যবস্থা: মাগুরা জেলা প্রশাসক
সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা) থেকে : মাগুরায় কৃষকদের সঙ্গে ধান কাটার মধ্য দিয়ে ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মো. মোতাকাব্বীর আহমেদ। এ সময় সার সংকট নেই বলে উল্লেখ করেন তিনি। বলেন, কৃত্রিম সংকট সৃষ্টির উদ্দেশ্যে সার মজুত করলে বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
রবিবার (১৫ নভেম্বর) বিকালে মাগুরা সদর উপজেলার মঘী ইউনিয়নের ভাবনহাটি মাঠে এ উপলক্ষ্যে এক অনুষ্ঠান আয়োজন করে মাগুরা সদর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
অনুষ্ঠানে সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. নূর-এ-নবী জানান, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা চাষের জন্য প্রত্যেক কৃষককে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে। এ কর্মসূচির আওতায় জেলার মোট ১২ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. মোতাকাব্বীর আহমেদ বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, অনাবাদি জমি চাষের আওতায় আনা এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের চাষাবাদে উৎসাহিত করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। সরকার কৃষকদের বিনামূল্যে যেসব কৃষি প্রণোদনা দিচ্ছে, সেগুলোর সঠিক ব্যবহার নিশ্চিত করা গেলে দেশের কৃষি উৎপাদন অনেক বৃদ্ধি পাবে।
সার সংকট প্রসঙ্গে তিনি বলেন, দেশে কোনো সার সংকট নেই। এক শ্রেণির অসাধু ব্যক্তি সরকারকে বিপদে ফেলতে সার মজুত করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করে। এ ধরনের অসাধু ব্যক্তিদের কোনো ছাড় দেওয়া হবে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন নাহার।
সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মাগুরার উপপরিচালক মো. জসীম উদ্দীন। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য মো. মিজানুর রহমান, জেলা কৃষক দলের সহসভাপতি মো. সুজন বিশ্বাসসহ কৃষি বিভাগের কর্মকর্তা ও স্থানীয় কৃষকেরা।
