ঢাকা সোমবার ১৬ নভেম্বর ২০২৬ ১ ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৩ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

ডুমুরিয়ায় পল্লী চিকিৎসক সাইফুল ইসলামকে কুপিয়ে জখমের ঘটনায় ২ জন গ্রেফতার, থানায় মামলা দায়ের

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, রোববার, সময়ঃ ০৬.৫০ পি.এম
ডুমুরিয়ায় পল্লী চিকিৎসক সাইফুল ইসলামকে কুপিয়ে জখমের ঘটনায় ২ জন গ্রেফতার, থানায় মামলা দায়ের
www.dailyranggaprovat.com

গৌতম রাহা, ডুমুরিয়া (খুলনা)প্রতিনিধি : খুলনার ডুমুরিয়ায় পল্লী চিকিৎসক সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা প্রচেষ্টার ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার ৫০ঘন্টা পরে বাগেরহাটের ফকিরহাট এলাকা থেকে তৈয়ব আলী ও মুহসিন শেখ নামের ২ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন খুলনা জেলা পুলিশের এক কর্মকর্তা। 

উল্লেখ্য, গত ১০ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাগেরহাটের যাত্রাপুর (রহিমাবাদ) গ্রামের শেখ ইকরাম উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (৫৮) কে রক্তাক্ত জখম অবস্থায় ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের ওয়াপদা সড়কের উপর পড়ে থাকতে দেখা যায়। পরবর্তীতে স্থানীয় এক ভ্যানচালক আহত সাইফুল ইসলামকে মুমুর্ষু অবস্থায় উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সংবাদ পেয়ে ডুমুরিয়া থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শক্রমে সাইফুলকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। প্রচুর রক্তক্ষরনে সংজ্ঞাহীন হওয়ার পূর্বে তিনি পুলিশকে জানান যে, খুলনা জিরো পয়েন্ট থেকে তার পূর্ব পরিচিত মোঃ তৈয়ব আলী ও মোঃ মহসিন শেখের সাথে আড়ংঘাটা যাওয়ার উদ্দেশ্যে মোটর সাইকেল যোগে রওনা হন। তারা গুটুদিয়া ওয়াপদার রাস্তায় নির্জন এলাকায় পৌঁছুলে সঙ্গী তৈয়ব আলী ও মুহসিন শেখ তাকে এলাপাতাড়ি কুপিয়ে মোটরসাইকেল ও তার কাছে থাকা টাকা নিয়ে তাকে মৃত ভেবে ফেলে রেখে চলে যায়।

সাইফুলের জবানবন্দী মোতাবেক খুলনা জেলার পুলিশ সুপার সরকার ওমর ফারুকের তাৎক্ষণিক নির্দেশনায় দুর্বৃত্তদের গ্রেফতারের জন্যে ডুমুরিয়া থানা পুলিশ অভিযানে নামে বলে জানিয়েছে খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-বি) মোঃ খায়রুল আনাম। সেই থেকে টানা ৫০ ঘন্টার অভিযানের পর বাগেরহাটের ফকিরহাট থেকে গ্রেফতার করা হয় মোঃ তৈয়ব আলী ও মহসিন শেখকে। প্রথমে তৈয়ব আলী গ্রেফতার হওয়ার পর মহসিন শেখ আত্মগোপনে চলে যায়। অবশেষে শনিবার ভোরে বাগেরহাটের ফকিরহাট থানার একটি বাড়ি থেকে তাকেও গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা পুলিশের কাছে সাইফুলকে কোপানোর কথা স্বীকার করেছে, তবে তারা ভেবেছিল সাইফুল মারা যাবে বা তাদের নাম প্রকাশ করার মত অবস্থায় থাকবে না। 

এ ব্যাপারে সাইফুল ইসলামের ভাতিজা শরিফুল ইসলাম বাদী হয়ে ডুমুরিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। থানার এসআই মোঃ আল আমিন মুনসী মামলাটি তদন্ত করছেন বলে জানিয়েছেন ডুমুরিয়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে, ভিকটিম সাইফুল ইসলাম বর্তমানে খুলনার একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন বলে জানা গেছে।